![]()
পিরোজপুর: কাউখালীতে বাজার তদারকির অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া স্ট্যান্ডসংলগ্ন ‘ধানসিঁড়ি পোল্ট্রি ফিড’-এর মালিক মো. পাভেলকে অননুমোদিত ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, শিয়ালকাঠী ইউনিয়নের দারুস সুন্নাত কামিল মাদ্রাসাসংলগ্ন ‘মানহা মা স্টোর’ নামের খাবারের দোকানের মালিক মিজানুর রহমানকে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগে একই ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আমিন বখতিয়ার। অভিযানে কাউখালী থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
অভিযান শেষে সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, মূলত পোল্ট্রি খাদ্য ও ওষুধের মান এবং সাধারণ মানুষের খাবারের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকি করা হয়েছে। অননুমোদিত ওষুধ প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ খাবার সরাসরি ভোক্তার স্বাস্থ্যের ক্ষতি করে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে, যাতে তাঁরা বৈধ ও অনুমোদিত পণ্য ছাড়া অন্য কিছু বিক্রি না করেন। পাশাপাশি প্রতিটি পণ্যের গায়ে মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ রাখতে বলা হয়েছে। আইন অমান্য করলে নিয়মিত জরিমানার পাশাপাশি কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:০৫:০০ ৪ বার পঠিত | ● অননুমোদিত ওষুধ ● কাউখালী ভোক্তা অধিকার অভিযান ● পিরোজপুর ● মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য