ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের

আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের


আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাস আল খাইমাহর আল ওয়াতান সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনাটি ঠিক কখন ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এ ঘটনায় কোনো বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সেটিও জানা যায়নি।

মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি উদ্ধারকারী দলগুলোকে ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স সেবা, সিভিল ডিফেন্স এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে উদ্ধার ও জরুরি কার্যক্রম শুরু করা হয়েছে।

দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।

দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এ ছাড়া আর কেউ আহত হয়েছেন কি না, সে তথ্যও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়নি।

এই দুর্ঘটনার মাত্র ১২ দিন আগে দেশটির ফুজাইরাহ এলাকায় একাধিক যানবাহনের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত ও ৩০ জন আহত হন। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১২ নভেম্বর শেখ খলিফা বিন জায়েদ সড়কে (ই৮৪) পরপর দুটি দুর্ঘটনা ঘটেছিল।

প্রথম দুর্ঘটনায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে অন্য একটি যানবাহনের সংঘর্ষ হয়। দ্বিতীয় দুর্ঘটনায় দুটি শিপিং কন্টেইনার বহনকারী একটি ট্রাক উল্টে যাওয়ার আগে বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়।

সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস।

বাংলাদেশ সময়: ১৯:২২:২৪   ১ বার পঠিত  | ●   ●   ●   ●