ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাইম মোহাম্মদ আবু নাহল নিহত হয়েছেন। মঙ্গলবার হামাসের এক বিবৃতিতে গোষ্ঠীটির এই নিরাপত্তা প্রধানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘গাজা নগরীর পশ্চিমে ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান থেকে চালানো এক গুপ্ত অভিযানে ৫০ বছর বয়সী আবু নাহল নিহত হয়েছেন।’’
এর আগে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছিল, গাজার পশ্চিমাঞ্চলে হায়দার স্কয়ারের কাছে বেসামরিক নাগরিকদের একটি সমাবেশ লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে একজন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
এদিকে, গাজায় হামাসের জ্যেষ্ঠ নেতা হিসেবে পরিচিত এক ব্যক্তিকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিলেন আবু নাহল।
ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে কানের প্রতিবেদনে বলা হয়েছে, মঈন আল-আরবেইদের স্থলাভিষিক্ত হয়েছিলেন আবু নাহল। গত সেপ্টেম্বরে এক বিশেষ অভিযানে ইসরায়েলি সেনাবাহিনী ও শিন বেটের হাতে আটক হন মঈন। বর্তমানে তিনি ইসরায়েলি হেফাজতে রয়েছেন।
এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী ও শিন বেট জানিয়েছে, তারা হামাসের একজন শীর্ষ সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হামাসের কোন নেতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি ইসরায়েল।
সূত্র: এএফপি, রয়টার্স।
বাংলাদেশ সময়: ১৯:১৯:৫৮ ১ বার পঠিত | ● গাজা উপত্যকা ● গাজায় ইসরায়েলি হামলা ● নাইম মোহাম্মদ আবু নাহল ● হামাস