ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• জয়পুরহাট জেনারেল হাসপাতালের বারান্দায় প্রেমিকাসহ কারারক্ষী আটক • মানিকগঞ্জে বাড়ির পেছনে মিলল পোশাকশ্রমিকের মরদেহ • ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে ইসির সংলাপ শুরু • পেট্রাপোল বৈঠক ও সহিংসতার পেছনে ষড়যন্ত্র দেখছেন রিজভী • ফরাজগঞ্জে জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ • কাঁঠালিয়ায় নানার বাড়িতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • কাঁঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, দুইজনের বিরুদ্ধে মামলা • কুয়াকাটায় রাসলীলা উৎসব শেষ, পর্যটক কমে হতাশ ব্যবসায়ীরা • পীরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা • বরগুনায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যের আহ্বান এমপি অলিউল্লাহর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » নির্বাচন » ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে ইসির সংলাপ শুরু

ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে ইসির সংলাপ শুরু


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে ইসির সংলাপ শুরু

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর শুরু হয়ে তিন দিনব্যাপী এই সংলাপ চলবে ১ ডিসেম্বর পর্যন্ত।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সংলাপে রাজনৈতিক দলগুলোর কাছে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হবে। অংশীজনদের পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে পৃথক বৈঠকও করবে ইসি।

ইসির জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার জানিয়েছেন, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর—এই তিন দিনের সংলাপে অংশ নিতে ইসিতে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে ৫১টি দলের সঙ্গে সংলাপ করেছিল কমিশন। এবার ওই দলগুলোর পাশাপাশি জাতীয় নির্বাচন-পরবর্তী সময়ে নতুন করে নিবন্ধন পাওয়া চারটি দলের সঙ্গেও মতবিনিময় করবে ইসি।

এর আগে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় সব প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন করার কথা জানিয়েছিল কমিশন। জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করবেন। গত ১২ অক্টোবর অনুষ্ঠিত কমিশন সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপসহ ইউপি নির্বাচনসংক্রান্ত সার্বিক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

এবার স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে। ইউপি নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী বছরের ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। ইউপি নির্বাচন শেষে স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার প্রকাশ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা

ইউপি নির্বাচন সামনে রেখে আগামীকাল বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এই তালিকায় অন্তর্ভুক্ত ভোটাররাই এবারের ইউপি নির্বাচনে ভোট দিতে পারবেন।

মঙ্গলবার ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, চূড়ান্ত ভোটার তালিকায় চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁরাও অন্তর্ভুক্ত হবেন।

সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ২৬৭ জন। চূড়ান্ত ভোটার তালিকায় এই সংখ্যা আরও কিছুটা বাড়বে বলে জানিয়েছে ইসি সূত্র।

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরির নির্দেশ ইসির

ইউপি নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের উপযোগী কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকদের তালিকা সংগ্রহ করে প্যানেল তৈরির নির্দেশ দিয়েছে সংস্থাটি।

নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকদের তালিকা সংগ্রহ করে প্যানেল প্রস্তুত করতে হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পদভিত্তিক তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশন সচিবালয়কে জানাতে হবে।

ইসির নির্দেশনা অনুযায়ী, প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তা এবং ক্ষেত্রবিশেষে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা যাবে। এ ছাড়া সরকারি ও সরকার অনুমোদিত কলেজ, মাদ্রাসা ও উচ্চবিদ্যালয়ের শিক্ষক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা ও করপোরেশনের কর্মকর্তাদেরও প্যানেলে রাখা যাবে।

বাংলাদেশ সময়: ১৮:২৭:৫৫   ১ বার পঠিত  | ●   ●   ●   ●







নির্বাচন থেকে আরও...


● ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে ইসির সংলাপ শুরু
● স্থানীয় সরকার নির্বাচন সহিংসতা ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করবে ইসি
● দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, ৩ মাসে বেড়েছে ৩ লাখ
● রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থীর যোগ্যতা কী, কারা ভোটার
● রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ



আর্কাইভ