ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের পাঁচ দিনব্যাপী আবির্ভাব উৎসবের উদ্বোধন

কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের পাঁচ দিনব্যাপী আবির্ভাব উৎসবের উদ্বোধন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের পাঁচ দিনব্যাপী আবির্ভাব উৎসবের উদ্বোধন

পিরোজপুর:লাখো ভক্ত ও পুণ্যার্থীর সমাগমের মধ্য দিয়ে কাউখালীতে শুরু হয়েছে উপমহাদেশের অন্যতম শ্রীগুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী আবির্ভাব উৎসব ও মিলন মেলা। বুধবার (২৫ নভেম্বর) আশ্রম প্রাঙ্গণে সঙ্ঘের পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ।

শোভাযাত্রার আগে সূচনা বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর বলেন, ‘এই উৎসবে আমার এবং আমাদের সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে। এ দেশে জাতি-ধর্মের মধ্যে কোনো বিভক্তি নেই। আমরা সবাই বাংলাদেশি। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। তারেক রহমানের সরকার হিন্দু সম্প্রদায়ের পাশে সব সময় আছে এবং থাকবে।’

বুধবার সকাল ১১টায় ১২৮টি শাখা সঙ্ঘের হাজার হাজার ভক্তের অংশগ্রহণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি এস. এম. আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) শুরু হওয়া এ উৎসব চলবে আগামী রোববার (২৯ নভেম্বর) পর্যন্ত। পাঁচ দিনের এ আয়োজন ঘিরে দেশ-বিদেশ থেকে কয়েক লক্ষাধিক ভক্ত ও পুণ্যার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। প্রতিবছরের মতো এবারও আশ্রম প্রাঙ্গণের বিশাল এলাকাজুড়ে বসেছে ঐতিহ্যবাহী রাস মেলা।

আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল জানান, পাঁচ দিনের এ উৎসব সফল করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সঙ্ঘের ভক্তদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষও সহযোগিতা করে থাকেন। উৎসবের পাঁচ দিনই আগত লক্ষাধিক মানুষের জন্য তিন বেলা প্রসাদ ও খাবার পরিবেশনের ব্যবস্থা করেছে আশ্রম কর্তৃপক্ষ।

উৎসবের আইনশৃঙ্খলা কমিটির প্রধান আহ্বায়ক ও কাউখালীর ইউএনও রেহেনা আক্তার জানান, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং জেলা প্রশাসকের নির্দেশনায় আবির্ভাব উৎসব ঘিরে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, পুরো উৎসব এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি পুণ্যার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪২:১৪   ৭ বার পঠিত  | ●   ●   ●