![]()
বগুড়া: দুপচাঁচিয়ায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. সাকামুদ্দীন (৫৫) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে আক্কেলপুর-দুপচাঁচিয়া সড়কের মাঠেরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকামুদ্দীন দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের মৃত তুনিশাহের ছেলে। আহত ব্যক্তি হলেন একই উপজেলার জলঙ্গি গ্রামের খলিল সরদার (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে দুপচাঁচিয়া সিও অফিস এলাকা থেকে যাত্রী নিয়ে জিয়ানগর বাজারের উদ্দেশে রওনা হন সাকামুদ্দীন। পথে মাঠেরপুকুর এলাকায় পৌঁছালে আক্কেলপুর থেকে আসা একটি বাস অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে তাঁর ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে ইজিবাইকের চালক ও যাত্রীরা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকামুদ্দীনকে মৃত ঘোষণা করেন।
আহত খলিল সরদারের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া ইজিবাইকের অন্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৪১:৫৪ ৪ বার পঠিত | ● দুপচাঁচিয়া সড়ক দুর্ঘটনা ● বগুড়ায় বাস-ইজিবাইক সংঘর্ষ ● মো. সাকামুদ্দীন