ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » বিয়ের চাপের বিরোধ থেকে পোশাকশ্রমিক চম্পাকে হত্যার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে

বিয়ের চাপের বিরোধ থেকে পোশাকশ্রমিক চম্পাকে হত্যার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


বিয়ের চাপের বিরোধ থেকে পোশাকশ্রমিক চম্পাকে হত্যার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে

মানিকগঞ্জ: ঘিওরে গার্মেন্টসকর্মী চম্পা বেগমকে (৪০) হত্যার ঘটনায় জসিম উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।

পিবিআইয়ের দাবি, পরকীয়া সম্পর্কের জেরে বিয়ের চাপ ও মনোমালিন্য থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী।

গ্রেপ্তার জসিম উদ্দিন ঘিওর উপজেলার বীরসিংজুরী এলাকার বাসিন্দা। নিহত চম্পা বেগম একই উপজেলার বীরসিংজুরী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী।

পিবিআই পুলিশ সুপার জানান, চম্পা বেগম সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকার তারাসিমা গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ২৩ নভেম্বর ভোর ৫টার দিকে তিনি কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

পরদিন ২৪ নভেম্বর সকাল আনুমানিক ৬টার দিকে বাড়ির পাশের একটি কাঠের ঘরের পেছনে আতাগাছের নিচে চম্পা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ২৫ নভেম্বর ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই মানিকগঞ্জ। তদন্তের অংশ হিসেবে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন তথ্য বিশ্লেষণ এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা শুরু করে।

পিবিআই জানায়, মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যে ঘিওরের বীরসিংজুরী বাজার এলাকায় একটি নির্মাণাধীন সেতুর পাশে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা সন্দেহভাজন জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পিবিআইয়ের দাবি, চম্পা বেগমের সঙ্গে জসিমের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। দিনের বিভিন্ন সময়ে তাঁরা ইমো ও মেসেঞ্জারে কথা বলতেন। একপর্যায়ে চম্পা বেগম জসিমকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। তবে জসিম বিবাহিত এবং সন্তানের বাবা হওয়ায়, পাশাপাশি দুজনের বয়সের ব্যবধান থাকায় তিনি বিয়েতে রাজি হননি। এ নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়।

ঘটনার দিনও এ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম চম্পা বেগমের গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে হত্যা করেন বলে পিবিআইয়ের দাবি।

পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৪:৪৫   ১১ বার পঠিত  | ●   ●   ●   ●