নারায়ণগঞ্জ: আড়াইহাজারে সন্দেহভাজন ব্যক্তিকে আটকের চেষ্টাকালে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। এ সময় পুলিশের একটি ওয়াকিটকি, কয়েকটি মোবাইল ফোন, একটি ব্যাগ ও একটি কটি (পুলিশি সরঞ্জাম) ছিনিয়ে নেওয়া হয়। পরে অভিযান চালিয়ে বেশিরভাগ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেল পাঁচটার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার থানা এএসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল বালিয়াপাড়া বাজার এলাকায় যাওয়ার পথে দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হলে তাদের থামানোর চেষ্টা করে। এ সময় ওই দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাদের আটক করতে গেলে এলাকার মাদক কারবারি আমির হোসেন ওরফে সামা, সাহাদত হোসেন এবং তাদের অনুসারীরা পুলিশের কাজে বাধা দেয়।
একপর্যায়ে পুলিশ ও মাদককারবারিদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় মাদককারবারীর লোকজন জোরপূর্বক পুলিশের একটি ওয়াকিটকি, একটি মোবাইল ফোন, একটি ব্যাগ এবং ব্যাগে থাকা আরও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছে পুলিশ। এ সময়ে পুলিশ হামলাকারীদের হাত থেকে বাঁচতে পার্শ্ববর্তী খেলার মাঠে গিয়ে আশ্রয় নেয়। পরে খেলোয়াড়রা পুলিশদের আশ্রয় দিলে মাদককাররীরা পিছু হটে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় অভিযান চালায়। অভিযানে ছিনিয়ে নেওয়া ওয়াকিটকি, একটি মোবাইল ফোন ও পুলিশের ব্যবহৃত একটি কটি উদ্ধার করা হয়। এ সমযয় মাদক বিক্রেতাদের সহযোগী দুই নারীকে আটক করা হয়।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২৩:৫০ ১৯ বার পঠিত | ● আটক ● আড়াইহাজার ● ওপর ● পুলিশ ● হামলা
----