ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা

দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা:দোহারে ভুয়া দন্তচিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। সোমবার দুপুরে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওশীনা আরিফ চারটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধ করে মুচলেকা দিয়েছে আলিফ ডেন্টাল, নূর ডেন্টাল, ঢাকা ডেন্টাল ও চিশতিয়া ফার্মেসি।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জয়পাড়া হাসপাতাল সড়ক-সংলগ্ন এলাকায় তিনটি দন্তচিকিৎসা চেম্বার বিএমডিসির নিবন্ধিত চিকিৎসক পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও ভুল চিকিৎসা দিচ্ছিল। বিএমডিসির সনদ দেখতে চাইলে জানা যায়, তাঁরা সবাই ডেন্টাল টেকনিশিয়ান।

ডেন্টিস্ট বা দন্তচিকিৎসকের সেবা দেওয়ার নামে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯/২২ ধারায় চেম্বারগুলোকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া, ঘটনাস্থলে এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে ওষুধের নির্ধারিত দামের চেয়ে বেশি রাখায় চিশতিয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওশীনা আরিফ বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. মো. আব্দুল আজিজ, স্যানিটারি ইন্সপেক্টর পারভিন সুলতানা এবং দোহার থানা-পুলিশ।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৫৫:০১   ৬ বার পঠিত  | ●   ●