![]()
পটুয়াখালী: বাউফলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের অভিযোগে ২৩ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে আটজন শিশু। পরে ভ্রাম্যমাণ আদালত ১৫ জন প্রাপ্তবয়স্ক জেলেকে ১৯ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
অন্য আট শিশুকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ সময় মাছ শিকারে ব্যবহৃত জাল ও কয়েকটি নৌকা জব্দ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দিনভর তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে মৎস্য অধিদপ্তর। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন বাউফল উপজেলার মমিনপুর গ্রামের রিপন সিকদার (২৫), সোলাইমান (২২), ইলিয়াস ফকির (২৬), জাহিদুল (২০), জামাল হাওলাদার (২৭), জাকির (২০), আবুল কালাম (২২), পারভেজ (২৯), কবির (৪০), বাকেরগঞ্জ উপজেলার ছালাম খান (৪০), গনি সরদার (২৯) এবং চন্দ্রদ্বীপ ইউনিয়নের আরিফ ফকির (২২), রমিজ প্যাদা (২৪), ইসমাইল খন্দকার (২৫) ও ফিরোজ হাওলাদার (৩৪)।
বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে মাছ শিকারের চেষ্টা করেন। খবর পেয়ে মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ জনকে ১৯ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। বাকি আট অপ্রাপ্তবয়স্ককে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯:২৪:৪৪ ২৬ বার পঠিত | ● ইলিশ শিকার ● তেঁতুলিয়া নদী ● বাউফল ● ১৫ জেলের কারাদণ্ড