ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’—এই প্রতিপাদ্য সামনে রেখে পটুয়াখালীতে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘কন্যাশিশুরা আজকের দিনে আর কোনোভাবেই পিছিয়ে নেই। তাদের সঠিক শিক্ষা, সুরক্ষা ও বিকাশ নিশ্চিত করতে পারলে তারাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে। এজন্য বাল্যবিয়ে পুরোপুরি নির্মূল করে কন্যাশিশুদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশ গড়ে তোলা আমাদের সবার নৈতিক দায়িত্ব।’
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার ইনচার্জ রেখা রানী হালদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায়, জেলা শিক্ষা কর্মকর্তা মুহা. মুজিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শিরিন সুলতানা এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম ফজলুল করিম। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুদের শিক্ষা, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কন্যাশিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের কন্যাশিশু, তাদের অভিভাবক, শিক্ষক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৯:০৮:৪০ ৩৭ বার পঠিত | ● কন্যাশিশুর অধিকার ● জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ ● পটুয়াখালী ● বাল্যবিয়ে প্রতিরোধ