ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা

ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা

কুষ্টিয়া: ভেড়ামারায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা আনুমানিক ৩টার দিকে ভেড়ামারা পৌর এলাকার ঢাকা কোচ কাউন্টার ও ডাকবাংলো এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাদক সেবন ও মাদক ব্যবসার দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মো. তামজিদুল ইসলাম (৩৪) ভেড়ামারা পৌরসভার কাচারিপাড়া এলাকার মৃত খন্দকার সাইদুল ইসলামের ছেলে। তাঁকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

অপর দণ্ডপ্রাপ্ত মো. মুনতাজ মণ্ডল (৪৫) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোফাজ্জেল মণ্ডলের ছেলে। মাদক ব্যবসার দায়ে তাঁকে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া কাচারিপাড়া এলাকার শামসুল আলমের ছেলে মো. আশরাফুল আলম ইমন (৪৩)-কে মাদক সেবনের দায়ে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২:২৯:৪৯   ১৩ বার পঠিত  | ●   ●   ●   ●