![]()
কুষ্টিয়া: ভেড়ামারায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর মোঃ নাইম আলীকে (২১) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের কোদালিয়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। এ সময় প্রকল্প কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জহির উদ্দিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ওই গ্রামের মোঃ ফজলুর রহমানের নাবালিকা মেয়ে মোছাঃ লামিয়া খাতুনের সঙ্গে মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামের মোঃ নাইম আলীর বিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভ্রাম্যমাণ আদালত। ঘটনার সত্যতা পাওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারা অনুযায়ী বরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
![]()
সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। অল্প বয়সে বিয়ে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলে। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের ঘটনা ঘটলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
এন/এস
বাংলাদেশ সময়: ২২:৩৭:৩৮ ১২ বার পঠিত | ● গাজী আশিক বাহার ● বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ● ভেড়ামারায় বাল্যবিবাহ ● মোঃ নাইম আলী