ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
আজারবাইজানে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৫ ফিফা বিশ্বকাপ ও ফেস্টিভাল। এতে অংশ নেবে বাংলাদেশ। আজ বিকেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের পৃষ্ঠপোষক হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ফিফার অধিভুক্ত সব দেশই এ টুর্নামেন্টে অংশ নেবে। বিশ্বকাপ নাম হলেও এটি মূলত একটি ফেস্টিভাল। প্রতি দলে খেলবেন আটজন করে ফুটবলার। প্রতিটি ম্যাচের দৈর্ঘ্য ২০ মিনিট। বাংলাদেশের গ্রুপে রয়েছে বুরুন্ডি, পর্তুগাল, ওয়েলস, ইন্দোনেশিয়া ও ফিজি।
টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য সম্পর্কে বাফুফে সভাপতি বলেন, ‘সিনিয়র জাতীয় দলে আমরা নাম্বার নাইন খুঁজছি। এই টুর্নামেন্ট থেকে চাই বাংলাদেশ ম্যাচগুলোতে গোল করুক। ভবিষ্যতে জাতীয় দলের জন্য যেন নাম্বার নাইন পাই।’
আজারবাইজানে টুর্নামেন্টে যাতায়াত ও অন্যান্য ব্যয় বহন করবে ফিফা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বাফুফেকে কত অর্থ দিচ্ছে, তা জানাননি সভাপতি।
অনূর্ধ্ব-১৫ জাতীয় টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ছিল ইউসিবি ব্যাংক। ওই টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের বাছাই করেই মূলত বিশ্বকাপের জন্য দল গঠন করা হয়েছে। বিশ্বকাপগামী দলের পৃষ্ঠপোষক হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে বেছে নেওয়ার কারণ জানতে চাইলে বাফুফে সভাপতি বলেন, ‘ইউসিবি সিনিয়র জাতীয় দলের স্পন্সর। তারা বাফুফের সঙ্গেই রয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আমাদের নতুন পার্টনার। তারা অ-১৫ দলের পাশাপাশি ফুটবলের সঙ্গে সম্পৃক্ত থাকবে।’
এন/এস
বাংলাদেশ সময়: ২৩:৫৭:৪৫ ১৬ বার পঠিত | ● ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ● বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল ● বাফুফে ● মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক