![]()
ফরিদপুর: দীর্ঘ ১৭ বছর পর নতুন আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন সালথা উপজেলা যুবদলের নেতাকর্মীরা। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সালথা উপজেলা পরিষদের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের পাশে থেকে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করবে যুবদল। পাশাপাশি তরুণদের ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
সালথা উপজেলা যুবদলের ৩৫ সদস্যবিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটিতে মো. হাসান আশরাফকে আহ্বায়ক, কামরুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. এনায়েত হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর নতুন কমিটি গঠিত হওয়ায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হাসান আশরাফের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. এনায়েত হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন, মাহফুজুর রহমান খান, সাফিকুল ইসলাম ও হাবিবুর রহমান হাবিবসহ অন্য নেতারা।
এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আনন্দ মিছিল শুরুর আগে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হাসান আশরাফ নবগঠিত কমিটির নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
আনন্দ মিছিল ও সমাবেশ শেষে নবগঠিত কমিটির নেতারা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন।
এন/এস
বাংলাদেশ সময়: ২১:৩৭:৩৭ ৫ বার পঠিত | ● ফরিদপুর ● মো. হাসান আশরাফ ● যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ● সালথা উপজেলা যুবদল