ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম লালমোহনের হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেছেন, আপনারা নিজেদের কখনো অসহায় ভাববেন না। আপনারা এ দেশের নাগরিক। আপনাদের দেখভালের দায়িত্ব আমাদের। আপনাদের ছেলেমেয়েদের মধ্যে যারা ভালো পড়াশোনা করে কৃতী শিক্ষার্থী হবে, তাদের দায়িত্বও আমরা নেব।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে লালমোহন উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী মদন মোহন মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনকালে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘সালিশ-বিচার করতে আপনারা কারও কাছে যাবেন না। সমস্যা হলে পুলিশ প্রশাসনের কাছে যাবেন এবং তাদের সহায়তা নেবেন। সালিশ-বিচারের নামে দুই পক্ষের কাছ থেকে টাকা নিয়ে সালিশ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ কারণে তাঁদের কাছে না যাওয়াই ভালো।’
মন্দির ও শ্মশানের উন্নয়নে মোট ৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান স্পিকার। এর মধ্যে শ্মশানের জন্য ৪ লাখ এবং মন্দিরের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। কিছুদিনের মধ্যেই এই অর্থ পাওয়া যাবে বলে তিনি আশ্বাস দেন।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা সবাই সমানভাবে আমাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন—এটাই আমার পরম পাওয়া। একজন ব্যক্তি হিসেবে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এ জন্যই আমি এমপি, মন্ত্রী ও স্পিকার হতে পেরেছি।’
লালমোহন উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি নিরব কুমার দের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ড. শামীম রহমান, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ এবং লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ভক্তরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে দুর্গাপূজা উপলক্ষে লালমোহন উপজেলার সব মন্দিরের জন্য স্পিকারের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ প্রদান করা হয়।
এন/এস
বাংলাদেশ সময়: ২২:৩৮:৫১ ৯ বার পঠিত | ● মদন মোহন মন্দির ● মন্দির ও শ্মশানের উন্নয়ন ● মেজর হাফিজ উদ্দিন আহমেদ ● লালমোহনে দুর্গাপূজা