ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: মেধা তালিকায় গৌরবোজ্জ্বল স্থান অর্জন করায় নবীন চিকিৎসক ডা. তনুশ্রী ঘোষকে সংবর্ধনা দিয়েছে সুজানগরের কাঁচারীপাড়া জ্ঞানের আলো লাইব্রেরি ও যুব কল্যাণ ক্লাব।
তনুশ্রী ঘোষ আর্মি মেডিকেল কলেজ, বগুড়া থেকে এমবিবিএস চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) মেধা তালিকায় ১৯তম স্থান অর্জন করেন। গত ১৪ অক্টোবর এ ফলাফল প্রকাশিত হয়। তিনি সুজানগর পৌরসভার ঘোষপাড়া এলাকার সুদেব ঘোষ ও বুলবুলী ঘোষ দম্পতির একমাত্র কন্যা।
বুধবার পাবনার সুজানগরের কাঁচারীপাড়া জ্ঞানের আলো লাইব্রেরি ও যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং মেধা তালিকায় ১৯তম স্থান অর্জনকারী নবীন চিকিৎসক ডা. তনুশ্রী ঘোষের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। স্বাগত বক্তব্য দেন জ্ঞানের আলো লাইব্রেরি ও যুব কল্যাণ ক্লাবের উপদেষ্টা সাংবাদিক এম এ আলিম রিপন।
জ্ঞানের আলো লাইব্রেরি ও যুব কল্যাণ ক্লাবের সভাপতি মুশফিকুর রহমান ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুস সবুর জয়। অনুষ্ঠানে বক্তব্য দেন পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাদের হোসেন, বিএনপি নেতা আহমেদ আলী প্রামাণিক লাটু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, সাবেক পৌর কাউন্সিলর আনিছুর রহমান খোকন, সংবর্ধিত নবীন চিকিৎসক তনুশ্রী ঘোষ এবং তাঁর বাবা সুদেব ঘোষ ও মা বুলবুলী ঘোষসহ অন্যরা।
এ ধরনের সংবর্ধনার আয়োজন করায় কাঁচারীপাড়া জ্ঞানের আলো লাইব্রেরি ও যুব কল্যাণ ক্লাবকে ধন্যবাদ জানান প্রধান অতিথি সংসদ সদস্য সেলিম রেজা হাবিব। নবীন চিকিৎসককে উদ্দেশ করে তিনি বলেন, স্বাস্থ্যসেবার অগ্রযাত্রায় চিকিৎসকেরা গুরুত্বপূর্ণ অংশীদার। চিকিৎসক হিসেবে সামনে এগিয়ে যাওয়ার সময় নিজেদের দক্ষতা ও জ্ঞানের পাশাপাশি রোগীদের আস্থা এবং একটি সুস্থতর সমাজের প্রত্যাশার কথাও মনে রাখতে হবে।
তিনি আরও বলেন, ভালো ফলাফল অর্জনের মধ্য দিয়ে চিকিৎসক হিসেবে পেশাগত জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। একই সঙ্গে রোগীদের আস্থা অর্জন এবং দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার গুরুত্বও বেড়েছে। নবীন চিকিৎসককে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ডিগ্রি শুধু একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি নয়; চিকিৎসা পেশার মাধ্যমে মানবতার সেবা করার অঙ্গীকারেরও প্রতিফলন।
অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করে নবীন চিকিৎসক তনুশ্রী ঘোষ বলেন, এ সম্মাননা শুধু স্বীকৃতি নয়, তাঁর জন্য প্রেরণাও হয়ে থাকবে। এ অর্জন শুধু তাঁর একার নয়, সবার। নিজের সাফল্যের পেছনে পরিবার ও শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, এমবিবিএস পাসের মধ্য দিয়ে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলেও চিকিৎসক হিসেবে প্রকৃত কর্মযাত্রা এখন শুরু। বৃহত্তর সামাজিক কল্যাণে নিজের জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
আয়োজক জ্ঞানের আলো লাইব্রেরি ও যুব কল্যাণ ক্লাবের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এ আয়োজন নবীন চিকিৎসকের পেশাগত জীবনে নতুন অনুপ্রেরণা জোগাবে।
নবীন চিকিৎসক তনুশ্রীর বাবা সুদেব ঘোষ বলেন, ‘সন্তানের এই সাফল্য বাবা ও মায়ের চোখে দেখা কী যে আনন্দের, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’ এ ধরনের সম্মাননা পরবর্তী সময়ে তাঁদের অনুজদের ভালো ফলাফল অর্জনে আরও অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:১৩:১৬ ১৪ বার পঠিত | ● জ্ঞানের আলো লাইব্রেরি ● ডা. তনুশ্রী ঘোষ ● বিইউপি এমবিবিএস মেধা তালিকা ● সুজানগর পাবনা