ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: দ্য ডেইলি স্টারের নিজস্ব সংবাদদাতা সোহরাব হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে পটুয়াখালীর আউলিয়াপুরে তাঁকে দাফন করা হয়।
এর আগে সকাল ১০টায় আউলিয়াপুর সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সোহরাব হোসেনের বড় ছেলে আতিকুর রহমান ও ছোট ছেলে সুফিয়ান মোল্লা তাঁদের বাবার জন্য সবার কাছে দোয়া চান।
জানাজার আগে দ্য ডেইলি স্টারের কনটেন্ট এডিটর মোহাম্মদ আল-আমিন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সোহরাব হোসেনের প্রতি শ্রদ্ধা জানান। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমের কর্মীসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে বড় ভাই মাওলানা ওহাব মোল্লার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মারা যান সোহরাব হোসেন। হাসপাতালের মৃত্যু সনদে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা উল্লেখ করা হয়েছে।
২০০৪ সালের ১ জানুয়ারি দ্য ডেইলি স্টারে যোগ দেন সোহরাব হোসেন। এরপর দীর্ঘ ২২ বছরেরও বেশি সময় ধরে তিনি পটুয়াখালী সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দ্য ডেইলি স্টারে দীর্ঘ কর্মজীবনে তিনি উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, পরিবেশগত সমস্যা, স্বাস্থ্যসেবা, কৃষি, অবকাঠামো এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে প্রতিবেদন করেছেন।
তাঁর প্রতিবেদনে উঠে এসেছে পটুয়াখালী ইপিজেডের জন্য জমি অধিগ্রহণে ঘুষ লেনদেনের অভিযোগ, সড়ক নির্মাণে অনিয়ম, সরকারি হাসপাতালে চিকিৎসকের সংকট এবং বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকা সেতুর তথ্য।
এ ছাড়া কুয়াকাটা সমুদ্রসৈকতে ১৪০টি ডলফিনের মৃত্যুর ঘটনা, জেলেদের দুর্দশা এবং উপকূলীয় এলাকার ভাঙন নিয়েও তিনি প্রতিবেদন করেছেন।
পায়রা বন্দরে বিপুল সরকারি বিনিয়োগ সত্ত্বেও এর সক্ষমতার পূর্ণ ব্যবহার না হওয়া নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনেও অবদান রেখেছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে দ্য ডেইলি স্টারের সেরা জেলা প্রতিবেদকের পুরস্কার পান সোহরাব হোসেন।
সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সোহরাব হোসেন পটুয়াখালী প্রেসক্লাবের সহসভাপতি ছিলেন। এর আগে তিনি প্রেসক্লাবটির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
বাংলাদেশ সময়: ১৮:৫৭:১১ ৪২ বার পঠিত | ● দ্য ডেইলি স্টার ● পটুয়াখালী প্রেসক্লাব ● সেরা জেলা প্রতিবেদক ২০২৩ ● সোহরাব হোসেন