ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: দুই পাশে সংযোগ সড়ক না থাকায় প্রায় ২৫ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের রামাকান্তপুর গ্রামের একটি সেতু। প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি থেকে কোনো সুফল পাচ্ছেন না এলাকাবাসী।
শনিবার (২৪ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, গ্রামের মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে সেতুটি। দুই পাশে কোনো সংযোগ সড়ক নেই। ফলে সেতুতে ওঠারও কোনো ব্যবস্থা নেই। সেতুটির উচ্চতা প্রায় ২২ ফুট। এর পাশ দিয়ে নিচু একটি রাস্তা রয়েছে, যা ব্যবহার করে মানুষ মাঠে যাতায়াত করেন।
এলাকাবাসী ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজনার বিলবেষ্টিত এই গ্রামটি বৃষ্টির পানিতে প্রায় ছয় মাস জলাবদ্ধ থাকে। পানি নেমে যাওয়ার পর মাঠে ফসলের আবাদ শুরু হয়। মাঠ থেকে ফসল আনার সুবিধার্থে স্থানীয় কৃষকেরা একটি সড়ক নির্মাণের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে ২০০১ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ফাঁকা মাঠের মধ্যে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষার সময় পানি বাড়লে বিল থেকে ফসল আনা-নেওয়ার সুবিধার্থে সেতুটি নির্মাণ করা হয়েছিল। উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিল থেকে ফসল আনা-নেওয়ার একমাত্র মাধ্যম হিসেবে এটি ব্যবহারের পরিকল্পনা ছিল। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুটি কোনো কাজে আসছে না।
তাঁরা বলেন, সরকারের টাকা খরচ করে সেতু নির্মাণ করা হয়েছে, অথচ এর দুই পাশে কোনো রাস্তা নেই। ফলে সেতুটি থেকে তাঁরা কোনো উপকার পাচ্ছেন না।
রামাকান্তপুর গ্রামের হাসেন শেখ (৫৫) বলেন, “সেতুটি যখন হয় তখন আমি যুবক ছিলাম। এখন অনেক বয়স। এত বছর খালি সেতুটি দেখেই গেলেম, কোনো কাজে লাগল না।”
স্থানীয় বাসিন্দা মাজেদা খাতুন বলেন, “খালি খালি অকারণে বিলের মাঝে একটা ব্রিজ করে থুইছে। এই ব্রিজে আমাদের কোনো উপকার নেই।”
একই গ্রামের জব্বার হোসেন বলেন, তাঁদের গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ সেতুর পাশের রাস্তা দিয়ে চলাচল করেন। বর্ষার সময় এলাকাটি পানিতে ডুবে যায়। তখন নৌকা ব্যবহার করতে হয়। সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় সেটি কোনো কাজে আসেনি। তা ছাড়া সেতুটি অনেক উঁচু।
এ বিষয়ে শনিবার সুজানগর উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, সেতুটি অনেক বছর আগে নির্মাণ করা হয়েছিল। এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। তবে তিনি শিগগিরই সেতুটি পরিদর্শন করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান।
বাংলাদেশ সময়: ১৭:৪৯:৫২ ৯ বার পঠিত | ● এলজিইডি সেতু নির্মাণ ● গাজনার বিল ● রামাকান্তপুর গ্রাম ● সুজানগরের সংযোগ সড়কহীন সেতু