![]()
পটুয়াখালী: আত্মশুদ্ধি, অশুভ বর্জন এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রত্যয়ে জেলায় বৌদ্ধধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপিত হচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে বুদ্ধপূজা, পঞ্চশীল ও শিবলী পূজা, অষ্টশীল গ্রহণ, ধ্যান অনুশীলন এবং হাজারো প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসব উপলক্ষে বৌদ্ধবিহারগুলোতে সমবেত হয়েছেন শত শত রাখাইন নারী-পুরুষ। দিনভর প্রদীপ পূজা, পবিত্র ত্রিপিটক পাঠ, ফুল ও প্রদীপ নিবেদনসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন বৌদ্ধধর্মাবলম্বীরা।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাখাইন পাড়াগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। সন্ধ্যায় আকাশে ওড়ানো হবে রংবেরঙের ফানুস। বৌদ্ধ ভিক্ষুরা জানিয়েছেন, আরাকানিক পঞ্জিকা (চন্দ্র-সৌর পঞ্জিকা) অনুযায়ী কুয়াকাটার রাখাইনরা আজ এ দিনটি উদযাপন করছেন।
উল্লেখ্য, গৌতম বুদ্ধের বর্ষাবাস পালনের আড়াই হাজার বছরের ঐতিহ্য ধারণ করে প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়। এ উৎসবের পরদিন থেকে মাসব্যাপী প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন চীবরদান উৎসব।
বাংলাদেশ সময়: ১৫:২০:৪৩ ১২ বার পঠিত | ● কঠিন চীবরদান উৎসব ● কুয়াকাটার রাখাইন সম্প্রদায় ● পটুয়াখালীতে প্রবারণা পূর্ণিমা ● বৌদ্ধবিহার