![]()
ঢাকা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোহারে নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপনে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার হ্রদ লাহরী মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া ৭ নভেম্বর (শনিবার) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় উপজেলার কেন্দ্রীয় মসজিদগুলোতে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
পাশাপাশি মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে হাসপাতাল, এতিমখানা ও শিশুকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
এদিকে, দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উপজেলা হ্রদ লাহরী মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় জীবনে ঐতিহাসিক গুরুত্ব বহনকারী এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এর মাধ্যমে তাদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তালেব শিকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খালাসী, জিয়া উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:৪৫:০৭ ৪ বার পঠিত | ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ● দোহার ● দোহার উপজেলা প্রশাসন ● মাহবুবুর রহমান টিপু