ঝালকাঠি: কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে কাঁঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কে থানার সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জয়নাল আবেদীন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদল, উপজেলা মহিলা দলের নেত্রী সাহেলী পারভীন, নেহার খান, রীমা ফেরদৌস, লাকি বেগম ও সাবিনা ইয়াসমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মোল্লা এবং স্থানীয় সালেহা বেগম, বশির হাওলাদার, রেখা রানী ও শান্ত অধিকারীসহ অনেকে।
বক্তারা বলেন, ওসি আবু নাছের রায়হান একজন ভালো মানুষ। তিনি কাঁঠালিয়ায় যোগদানের পর থেকে চুরি, ডাকাতি, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এসেছে। এ কারণে তাঁরা তাঁর বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, গত বুধবার (৪ নভেম্বর) বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ৬১৩ নম্বর স্মারকে তাঁকে ভোলা জেলায় বদলির আদেশ দেওয়া হয়। চিঠিতে আদেশটি অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বাংলাদেশ সময়: ২০:১৩:২৪ ১০ বার পঠিত | ● আবু নাছের রায়হান ● ওসির বদলির আদেশ ● কাঁঠালিয়া থানা