![]()
ভোলা: ভোলার লালমোহন উপজেলায় চরের জমি দখলচেষ্টা প্রতিহত করায় মিথ্যা অভিযোগে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ মামলা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদ জানিয়েছেন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. রাসেল বাচ্চু মাতাব্বর।
রোববার বিকেলে প্রকাশিত এক প্রতিবাদলিপিতে বাচ্চু মাতাব্বর দাবি করেন, লালমোহন উপজেলার চর-কচুয়া মৌজার প্রায় ২০০ একর জমি দীর্ঘদিন ধরে দশমিনা এলাকার একটি মহল দখলের চেষ্টা করে আসছে। এর ধারাবাহিকতায় গত বছর পশ্চিম চরউমেদ ও মোতাহার নগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তাঁকে জড়িয়ে পরপর দুটি মিথ্যা মামলা করা হয়।
তিনি আরও দাবি করেন, কিছুদিন আগে ওই মহলটি আবারও চর-কচুয়ায় তাঁদের সীমানাধীন জমি দখলের চেষ্টা করে। এ সময় জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশনা অনুযায়ী ভূমিহীনদের সঙ্গে নিয়ে তাঁরা দখলচেষ্টা প্রতিহত করেন। বর্তমানে ওই জমিতে ভূমিহীনরা চাষাবাদ করছেন বলেও উল্লেখ করেন তিনি।
বাচ্চু মাতাব্বরের অভিযোগ, জমি দখলের চেষ্টা প্রতিহত করায় ক্ষুব্ধ হয়ে ওই মহলটি তাঁকে নতুন করে গাছ কাটার একটি মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ৬ নম্বর আসামি করেছে। পাশাপাশি কয়েকজন সাংবাদিককে ভুল বুঝিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে।
প্রতিবাদলিপিতে তিনি স্পষ্টভাবে দাবি করেন, সরকারি গাছ কাটার সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। সরকারি সম্পদ ও বনজ সম্পদ রক্ষায় তিনি সবসময় সচেষ্ট রয়েছেন। একই সঙ্গে মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান যুবদলের এই নেতা।
এন/এস
বাংলাদেশ সময়: ২৩:৩০:৫২ ১৬ বার পঠিত | ● চর-কচুয়া জমি দখল ● যুবদল নেতা ● রাসেল বাচ্চু মাতাব্বর ● লালমোহন