ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: সুজানগরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে চিকিৎসা দেওয়ার অভিযোগে আকবর আলী নামে এক ভুয়া চক্ষু চিকিৎসক ও লাইসেন্সবিহীন বেড়া আই হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টারের জেনারেল ম্যানেজার রাকিবুল ইসলামকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
জেলা এনএসআই পাবনার গোপন তথ্য ও প্রত্যক্ষ সহযোগিতায় রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে সুজানগর উপজেলার দুলাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানার ওসি মোজাফফর হোসেন, জেলা এনএসআই কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কারাদণ্ডপ্রাপ্ত আকবর আলী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রহিমাবাদ অলিদাহ গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে। অপরজন রাকিবুল ইসলাম বেড়া আই হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টারের জেনারেল ম্যানেজার এবং বেড়া উপজেলার সাতবা গ্রামের আশরাফ প্রামাণিকের ছেলে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের স্থানীয় মোক্তার শেখের বাড়িতে একটি অস্থায়ী চক্ষু ক্যাম্প বসিয়ে রোগীদের চিকিৎসাসেবা ও চশমা দেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসনের একটি দল। এ সময় আকবর আলীর চিকিৎসক হিসেবে কোনো বৈধ সনদ বা বিএমডিসি নিবন্ধন না থাকা এবং বেড়া আই হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টারের কোনো লাইসেন্স না থাকার বিষয়টি সামনে আসে।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ প্রতারণার মাধ্যমে চিকিৎসা দেওয়ার অপরাধে আকবর আলী ও রাকিবুল ইসলামকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাঁদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং অবৈধ চক্ষু ক্যাম্পটি বন্ধ করে দেওয়া হয়। এ সময় চক্ষু ক্যাম্পের প্রচারকারী রবিউল ইসলাম ও রুপা আক্তার নামে দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং হাতুড়ে ও ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য রোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এন/এস
বাংলাদেশ সময়: ২৩:৩২:৫২ ১১ বার পঠিত | ● বেড়া আই হাসপাতাল ● ভুয়া চক্ষু চিকিৎসক ● সুজানগর