ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড • চরের ২০০ একর জমি দখলচেষ্টা ঠেকিয়ে মামলার আসামি যুবদল নেতা • মাদক সেবনে বাধা, সালথায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ • বহিষ্কারের পরই রাজনীতি ছাড়ার ঘোষণা সালথা আ.লীগ সভাপতির • সুন্দরবনে হরিণের মাংস ও চামড়াসহ বিপুল পরিমাণ বন্যপ্রাণীর দেহাবশেষ জব্দ • আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ • নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড • তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ • যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী • মাকে পিটিয়ে হত্যার মামলায় টাঙ্গাইলে ছেলের মৃত্যুদণ্ড


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬


আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ

পাবনা: চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনাসহ বসতবাড়ির জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িতে বসবাসকারী পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।

আদালতে দায়ের করা মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, বালুচর মহল্লার মৃত মিয়া আতাহার আলীর ছেলে শামসুজ্জোহা ভাইবোনদের সঙ্গে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। তিনি পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার ভেড়ামারা গ্রামের মিনা পারভীনকে বিয়ে করেন। এ দম্পতির কোনো সন্তান ছিল না। শামসুজ্জোহা স্ত্রীর চাপে বসতবাড়ির চার শতাংশ জমি তাঁর নামে রেজিস্ট্রি করে দেন। তবে বিষয়টি তাঁর ভাইবোনদের জানানো হয়নি।

শামসুজ্জোহার মৃত্যুর পর মিনা পারভীন অন্যত্র বিয়ে করেন। একপর্যায়ে তিনি আগের স্বামীর দেওয়া চার শতাংশ জমি বিক্রির উদ্যোগ নেন। বিষয়টি জানতে পেরে শামসুজ্জোহার দুই ভাই মাসুদ রানা ও ফারুক আহমেদ ওই জমি নিজেরা কিনে নেওয়ার প্রস্তাব দেন। কিন্তু মিনা পারভীন তাঁদের প্রস্তাবে রাজি না হয়ে গোপনে অন্য একজনের কাছে জমি বিক্রি করে দেন। শামসুজ্জোহার ভাই ফারুক বারবার চেষ্টা করেও মিনা পারভীনের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এর মধ্যে মিনা পারভীন বিভিন্ন ব্যক্তির মাধ্যমে মাসুদ ও ফারুকের পরিবারকে মাঝেমধ্যে হুমকি দিতেন বলেও অভিযোগ রয়েছে।

এ অবস্থায় ফারুক আহমেদ গত ২১ জুলাই পাবনার যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে মিনা পারভীনের বিরুদ্ধে একটি বাটোয়ারা মামলা করেন। মামলার নম্বর ১৬৮/২০২৬। আদালত গত ২৭ আগস্ট ওই জমির ওপর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম দফায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় দফায় ১৬ নভেম্বর পর্যন্ত জমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন আদালত।

তবে মামলা চলমান থাকা অবস্থায় গত ২৪ আগস্ট আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিনা পারভীন বালুচর মহল্লার সোহেল রানা নামে এক ব্যক্তির কাছে চার শতক জমি বিক্রি করে দেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মিনা পারভীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বসতবাড়ি জবরদখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ফারুক আহমেদ।

এ বিষয়ে ভুক্তভোগী ফারুক আহমেদ বলেন, বিরোধপূর্ণ বসতবাড়ির ওই দাগে মোট ২৬ শতক জমি রয়েছে। তাঁরা চার ভাই ও দুই বোন। বোনদের সঙ্গে আপস করে তাঁদের অন্য জায়গায় জমি দেওয়া হয়েছে। বসতবাড়ির ২৬ শতক জমির অংশীদার চার ভাই। এমন অবস্থায় তাঁর ভাই শামসুজ্জোহা জীবিত থাকাকালে গোপনে স্ত্রীর নামে চার শতক জমি লিখে দেন।

তিনি আরও জানান, চাকরির সুবাদে তাঁরা এলাকার বাইরে থাকেন। তারপরও সোহেল রানাকে জমিটি না কেনার অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি তা শোনেননি। বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমিটি কিনে নেন। এখন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মিনা পারভীন জমি বিক্রি করার পাশাপাশি ভূমিদস্যু ও সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে বসতবাড়ির ওই জায়গা জবরদখলের চেষ্টা করছেন। এতে বাড়িতে বসবাসকারী পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ পরিস্থিতিতে প্রশাসনিক সহযোগিতা চেয়ে গত ৮ নভেম্বর চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ফারুক আহমেদ।

অভিযোগের বিষয়ে মিনা পারভীন বলেন, তাঁর স্বামী জীবিত থাকতেই ভাইবোনদের নিয়ে সব জমির বণ্টননামা রেজিস্ট্রি অফিসে সম্পন্ন করে গেছেন। তাঁর নামে যে চার শতক জমি রেজিস্ট্রি করে দিয়েছেন, তিনি শুধু সেই জমিটুকুই বিক্রি করেছেন। তাঁদের আদালতে মামলা করার কয়েক দিন আগেই জমিটি রেজিস্ট্রি হয়েছে। তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, ‘আমি তো এখানে থাকি না, রাজশাহীতে থাকি। আমি কীভাবে তাদের হুমকি-ধমকি দেব? এসব তাদের মিথ্যা ও সাজানো কথা।’

এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন তিনি। আদালতের কী নিষেধাজ্ঞা ও নির্দেশনা রয়েছে, সেসব কাগজপত্র যাচাই-বাছাই করে সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:১৫:১১   ১২ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ
● জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র‍্যালি
● বাবার মুক্তির অপেক্ষায় দুই মেয়ের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক



আর্কাইভ