ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. রনি (৪১) নামে এক গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে মিজমিজি তারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আল আমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে মিজমিজি তারা মার্কেট এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন রনি। এ সময় সেখানে উপস্থিত এক নারীকে কেন্দ্র করে আল আমিনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। ওই নারীকে নিয়ে প্রশ্ন করা ও কথাবার্তার একপর্যায়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, রনির পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা হয়।
স্থানীয়রা জানান, ঘটনার পর আল আমিন ঘটনাস্থল থেকে কিছুটা দূরে অবস্থান করছিলেন। তাঁদের ভাষ্য, ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখে কয়েকজন জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন বলে দাবি করেন স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম। পরে স্থানীয়রা তাঁকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঘটনার দু-এক দিন আগেও রনির সঙ্গে আল আমিনের বিরোধ হয়েছিল।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে নারীকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় রনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানে উপস্থিত এক নারীকে নিয়ে আল আমিনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে আঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আল আমিনকে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় মামলা ও তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণসহ বিস্তারিত জানানো হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:১৬:০৪ ১৯ বার পঠিত | ● নারায়ণগঞ্জ ● মো. রনি হত্যা ● সিদ্ধিরগঞ্জে গাড়িচালক হত্যা