ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড • চরের ২০০ একর জমি দখলচেষ্টা ঠেকিয়ে মামলার আসামি যুবদল নেতা • মাদক সেবনে বাধা, সালথায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ • বহিষ্কারের পরই রাজনীতি ছাড়ার ঘোষণা সালথা আ.লীগ সভাপতির • সুন্দরবনে হরিণের মাংস ও চামড়াসহ বিপুল পরিমাণ বন্যপ্রাণীর দেহাবশেষ জব্দ • আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ • নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড • তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ • যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী • মাকে পিটিয়ে হত্যার মামলায় টাঙ্গাইলে ছেলের মৃত্যুদণ্ড


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ

তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ


রংপুর ব্যুরো
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬


তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ

নীলফামারী: নির্মাণশ্রমিক মুকুল ও শাকিব বসুনিয়া দীর্ঘদিন ধরে কুমিল্লায় কাজ করতেন। গতকাল শনিবার রাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে শাকিব তাঁর স্ত্রী খুশী বেগমের কাছ থেকে বিকাশে টাকা নিয়ে সহকর্মীদের সঙ্গে রওনা দেন। তবে বাড়িতে ফিরেছেন একই এলাকার বাসিন্দা শাকিব ও মুকুলের নিথর মরদেহ। তাঁদের মৃত্যুতে পুরো এলাকায় চলছে শোকের মাতম।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।

পারিবারিক সূত্রে জানা যায়, মুকুল ও শাকিব দীর্ঘদিন ধরে কুমিল্লায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। দুই মাস আগে তাঁরা কাজের উদ্দেশ্যে কুমিল্লায় যান। গতকাল সন্ধ্যায় বাড়ি ফেরার জন্য শাকিব তাঁর স্ত্রী খুশী বেগমের কাছে বিকাশে এক হাজার টাকা চান। পরে তিনি মুকুলসহ পাঁচজন নির্মাণশ্রমিককে নিয়ে বাস কাউন্টারে যান। সেখানে তাঁদের সঙ্গে একই এলাকার প্রতিবেশী আতিক ইসলামের দেখা হয়। পরে পাঁচজন একটি বাসে এবং আতিক ইসলাম সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে সৈয়দপুরের উদ্দেশে রওনা দেন।

রোববার ভোর ৬টার দিকে মুকুল ও শাকিবসহ বাকি তিনজন সৈয়দপুর ওয়াপদা মোড়ে বাস থেকে নেমে বাড়ি যাওয়ার জন্য অটোরিকশার অপেক্ষা করছিলেন। এ সময় আতিক ইসলাম মোবাইলে শাকিবকে কল করে সেখানে অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর আতিক ফোনে জানান, তাঁর বাসে সমস্যা হয়েছে। তিনি মুকুল ও শাকিবকে তারাগঞ্জ বাজারে যেতে বলেন। পরে তাঁরা অটোরিকশায় করে তারাগঞ্জে যান।

সেখানে গিয়ে মুকুল ও শাকিব বাসের ভেতরে হেলপারের সঙ্গে আতিকের ধস্তাধস্তি দেখতে পান। এ সময় তাঁরা দুজন বাসের দরজা দিয়ে ভেতরে ওঠেন। পরে বাসের হেলপার ও সুপারভাইজার তাঁদের ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এতে তাঁরা সড়কে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এদিকে দুই শ্রমিকের মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম চলছে। পরিবারের দুই উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা।

নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া ঢাকা পোস্টকে বলেন, তাঁর ছোট ভাইসহ এলাকার পাঁচজন কুমিল্লার ময়নামতি থেকে বাড়ির উদ্দেশে ফিরছিলেন। বাস কাউন্টারে তাঁদের সঙ্গে এলাকার প্রতিবেশী চাচা আতিকের দেখা হয়। আতিক সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। আর তাঁর ভাইসহ বাকিরা অন্য একটি বাসে ফিরছিলেন।

শাকিল বলেন, আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। আজ সকালে তিনি ফোন করে তাঁর ভাইকে জানান, বাসের হেলপারের সঙ্গে ঝামেলা হয়েছে। তাঁদের তারাগঞ্জে এগিয়ে যেতে বলেন। সেখানে গিয়ে তাঁরা বাসের দরজায় আতিকের সঙ্গে হেলপারের ধস্তাধস্তি দেখতে পান। এ সময় দুজন বাসে ওঠেন। পরে হেলপার ও সুপারভাইজার তাঁদের ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এতে তাঁরা বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান।

কান্নাজড়িত কণ্ঠে নিহত শাকিবের মা সোবেজা খাতুন ঢাকা পোস্টকে বলেন, ‘আমার ছেলের কী অপরাধ ছিল? তাকে কেন মেরে ফেলা হলো? আমার ছেলে আজ বাড়ি আসত। কত আশা করে অপেক্ষা করছিলাম, আমার ছেলে আজ বাড়িতে ফিরবে। কিন্তু সে এলো না, এলো তার মরদেহ। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’

শাকিবের স্ত্রী খুশী বেগম ঢাকা পোস্টকে বলেন, ‘আমার স্বামী ঢাকা যাওয়ার দুই মাস হয়েছে। গতকাল রাতে সে কল দিয়ে বলল, আমি বাড়ি যাব, আমার কাছে কোনো টাকা নেই। তাকে আমি এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে দিলাম। আজ তার বাড়িতে আসার কথা ছিল, কিন্তু এলো না। সকালে কল দিয়ে একজন জানাল, সে মারা গেছে। আমার একটি ছোট বাচ্চা। পরিবার কীভাবে চলবে, কে আমাদের আয়-রোজগার করে খাওয়াবে।’

নিহতদের সঙ্গে বাড়ি ফেরা সহকর্মী কাওসার ইসলাম বিজয় ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা গতকাল কুমিল্লা থেকে বাড়ি ফিরছিলাম। এ সময় বাস কাউন্টারে আতিকের সঙ্গে আমাদের দেখা হয়। আমাদের বাসে সিট না থাকায় তিনি সায়মন এক্সক্লুসিভ পরিবহনের বাসে ওঠেন। পরে আজ সকালে আমরা সৈয়দপুর ওয়াপদা মোড়ে বাস থেকে নেমে যাই। কিছুক্ষণ পর আতিক কল দিয়ে জানান, তাঁর বাসে সমস্যা হয়েছে। পরে আমরা অটোভ্যানে করে তারাগঞ্জ বাজারে যাই। সেখানে গিয়ে বাসের জন্য অপেক্ষা করি। পরে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের বাসটি এলে দেখা যায়, আতিকের সঙ্গে বাসের দরজায় ধস্তাধস্তি হচ্ছে। সেটি দেখে শাকিব ও মুকুল বাসে ওঠেন। এ সময় তাঁদের সঙ্গে হেলপার ও সুপারভাইজারের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাঁদের দুজনকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেওয়া হলে তাঁরা বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান। তবে আতিকের কাছে টাকা ছিল কি না, সেটি আমাদের জানা নেই। পরে লোকজন বাসটিকে আটক করে। আতিক এখন হাসপাতালে আছেন।’

নিহত মুকুলের চাচি সালমা খাতুন ঢাকা পোস্টকে বলেন, ‘মুকুল খুব ভালো ছেলে ছিল। তাকে এভাবে হত্যা করা হলো। এর কঠিন বিচার চাই, তার পরিবার খুবই গরিব। সরকার যেন তাকে সহায়তা করে।’

উদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলে পৌঁছে তিনি দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাঁদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে রংপুরের তারাগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক মো. আজির হোসাইন (৩৬) ও হেলপার মো. শফিক বুজুর আলীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। আজির সুজালপুর গ্রামের মৃত আ. গফুরের ছেলে এবং শফিক বীরগঞ্জের দক্ষিণ সুজালপুর গ্রামের মৃত জয়নালের ছেলে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের কাছে তিন লাখ টাকা থাকার যে কথা বলা হচ্ছে, তা পাওয়া যায়নি। পুলিশ এখন বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আর/এআর

বাংলাদেশ সময়: ১৮:২৯:১৭   ১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ
● গাইবান্ধায় বালুর অভিযানের খবর সংগ্রহ করে ফেরার পথে ৪ সাংবাদিককে মারধর
● পীরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভায় পালিত বিশ্ব ডায়াবেটিস দিবস
● রংপুর বিভাগের ৫৪ সাংবাদিক পেলেন ২৮ লাখ ৬০ হাজার টাকার অনুদান
● ডিমলায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন



আর্কাইভ