ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
গাইবান্ধা: পলাশবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে প্রশাসনের অভিযানের তথ্য সংগ্রহ করে ফেরার পথে চার সাংবাদিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। মোটরসাইকেলে এসে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে মারধরের পাশাপাশি মোবাইল ফোন কেড়ে নেওয়া, জোর করে হাতে টাকা ধরিয়ে ভিডিও ধারণ এবং অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আক্রান্ত সাংবাদিকদের অভিযোগ, পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জন এ ঘটনায় জড়িত ছিলেন।
আহত সাংবাদিকরা হলেন—জাগো নিউজ ও দৈনিক আজকের পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, ৭১ টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধির স্থানীয় ক্যামেরা পারসন এবং গাইবান্ধার সাপ্তাহিক জনসেনা পত্রিকার স্টাফ রিপোর্টার তাজরুল ইসলাম ও সাংবাদিক পাপ্পু সরকার। ঘটনার পর তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পলাশবাড়ী উপজেলার হোসেনপুরে অবৈধভাবে উত্তোলন করে মজুত রাখা বালুর স্তূপে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদার। এ সময় বালু জব্দের পাশাপাশি পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক্টর আটক করা হয়।
অভিযানের ছবি, ভিডিও ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষে চার সাংবাদিক সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা হন। পথে আমবাড়ী এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি তাদের অটোরিকশার গতিরোধ করেন। এরপর সাংবাদিকদের জোর করে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। একপর্যায়ে তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে আটকে রাখা হয়। অভিযোগ, সেখানে ১০-১৫ জন মিলে তাদের মারধর করেন।
সাংবাদিকদের দাবি, অবৈধ বালুর কারবারের বিরুদ্ধে প্রশাসনের অভিযানের সংবাদ সংগ্রহ করায় পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে। শুধু মারধরই নয়, একপর্যায়ে তাদের হাতে জোর করে টাকা ধরিয়ে ভিডিও ধারণ করা হয়। ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে বলে অভিযোগ তাদের।
এদিকে, সাংবাদিকদের আটকে রেখে মারধরের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে সাংবাদিকদের আটকে রেখে বালুর পয়েন্টে গিয়ে ৩০ হাজার টাকা চাওয়ার অভিযোগ তোলা হচ্ছে। একই সঙ্গে তাদের হাতে জোর করে টাকা ধরিয়ে দিতেও দেখা যায়। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজের শব্দ শোনা যায়। ভিডিওতে সাংবাদিক আনোয়ারকে মারধরের একপর্যায়ে ‘মাগো মাগো’ বলে চিৎকার করতে শোনা যায়। তবে ভিডিওতে মারধরকারীদের কণ্ঠ শোনা গেলেও তাদের চেহারা দেখা যায়নি।
আক্রান্ত সাংবাদিক আনোয়ার হোসেন শামীম বলেন, আমরা সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলাম। কিছুদূর যাওয়ার পর তিনটি মোটরসাইকেলে আসা নয়জন ব্যক্তি আমাদের পথরোধ করেন। পরে একটি গোডাউনে নিয়ে দরজা-জানালা বন্ধ করে সবার ফোন কেড়ে নেওয়া হয়। এরপর ১০-১৫ জন মিলে আমাদের ওপর নির্যাতন চালান। এতে নেতৃত্ব দেন পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল ইসলাম।
আহত সাংবাদিক রফিকুল ইসলাম রফিক বলেন, পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে আমাদের সুপরিকল্পিতভাবে অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে নিয়ে মারধর করা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেল। তিনি বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারদলীয় সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি প্রশাসনকেও অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
তবে সাংবাদিকদের মারধর ও হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয়। তিনি বলেন, ঘটনার পর জেলা ছাত্রদলের এক নেতার ফোন পেয়ে তিনি জানতে পারেন, আনোয়ার বিএনপির সাংবাদিক। পরে আটক সাংবাদিকদের মোটরসাইকেলে করে নিরাপদে পলাশবাড়ীতে পৌঁছে দেওয়ার দাবি করেন তিনি।
এ বিষয়ে পলাশবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদার ঢাকা পোস্টকে বলেন, বালুর ওই পয়েন্টে চারটি কাঁকড়া আটক করা হয়েছিল। দুই লাখ টাকা জরিমানা করায় সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে। কোন আইনে জরিমানা করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, জরিমানাটা করেছেন ইউএনও স্যার, আমি দেখিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল ঢাকা পোস্টকে বলেন, পানি উন্নয়ন বোর্ডের একটি বৈধ কাজে তারা প্রয়োজনের অতিরিক্ত বালু উত্তোলন করে বিক্রি করছিলেন। এ কারণে মাটি/বালি আইনে সেখানে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের মারধরের বিষয়ে তিনি বলেন, শুনেছি, তারা চলে আসার পর ঘটনাটি ঘটেছে। এমন ঘটনা দুঃখজনক বলেও উল্লেখ করেন তিনি।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:০৯:০৯ ১৫ বার পঠিত | ● অবৈধ বালু উত্তোলন ● গাইবান্ধায় সাংবাদিক নির্যাতন ● পলাশবাড়ী ● সোহেল রশিদ হৃদয়