![]()
মানিকগঞ্জ: ঘিওর উপজেলায় বাড়ির পেছন থেকে চম্পা বেগম (৪০) নামে এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে তার পরিবার। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সিংজুরী ইউনিয়নের বীরসিংজুরী গ্রামে নিজ বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহব্বত কবির।
নিহত চম্পা বেগম ওই গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি নয়াডিঙ্গি এলাকার তারা সীমা অ্যাপারেলস পোশাক কারখানায় কাজ করতেন। সোমবার রাত ৯টায় কারখানা থেকে ছুটি হলেও তিনি রাতে বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। মঙ্গলবার সকালে বাড়ির পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। মরদেহের পাশে কাঁচাবাজারের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। তবে তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি।
নিহতের মেয়ে স্বর্ণা জানান, তার বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করেন। দীর্ঘদিন ধরে তিনি পরিবারের কোনো খোঁজখবর নেন না। মায়ের উপার্জনেই তিন সন্তান ও তাদের দাদির ভরণপোষণ চলত। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
তারা সীমা অ্যাপারেলসের ডিজিএম ইসমাইল হোসাইন বলেন, সোমবার রাত ৯টায় নিয়ম অনুযায়ী চম্পাকে ছুটি দেওয়া হয়েছিল। সকালে তার মৃত্যুর খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। গলায় আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহব্বত কবির বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা জানান, প্রাথমিকভাবে মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:৩০:৫০ ১ বার পঠিত | ● ঘিওর ● চম্পা বেগম ● পোশাকশ্রমিক হত্যা ● মানিকগঞ্জ