ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
![]()
ফরিদপুর: বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের কামারগ্রামের ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন দুলু মোল্লা হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় বোয়ালমারীর ওয়াপদা মোড়ে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবারের সদস্যসহ কয়েক শতাধিক স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা বোয়ালমারী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সৃষ্টি হয় তীব্র ভোগান্তির। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং ন্যায়বিচার পেতে সহযোগিতার আশ্বাস দিলে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ২১ মার্চ বেলা ১১টার দিকে বাড়ির সামনেই প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে দুলু মোল্লাকে। প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ এপ্রিল তিনি মারা যান।
নিহতের পরিবারের অভিযোগ, তারা এখনো নানাভাবে ভয়ভীতি ও হুমকির মুখে আছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এল/আর
বাংলাদেশ সময়: ১৫:৫৫:৫৫ ২২৩ বার পঠিত | ● অবরোধ ● ফরিদপুর ● বোয়ালমারী ● মানববন্ধন ● সড়ক