ঢাকা বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
![]()
গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ.এস.এম আমানুল্লাহ বলেছেন, বড় বড় চাকরি পেতে চাও। তাহলে বি.এ পাশ করার আগে বিয়ে নয়। অনেক চেষ্টা করেও বাল্যবিয়ে নিয়ন্ত্রণ করতে পারছি না। বাল্যবিয়ের জন্য পুষ্টির অভাব নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। উন্নয়ন বলতে বুঝায় মানব সম্পদের উন্নয়ন। ৫৪ বছরের কেউ দেশকে মা বানাতে পারিনি।
এ যাবত অনেক শিক্ষা কমিশন হয়েছে। কোনোটাও বাস্তবায়ন করতে পারি নাই। গতকাল শনিবার সকালে নাগরী কালব রিসোর্ট কনভেনশন সেন্টারে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কারিগরি শিক্ষাকে কীভাবে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করছি। এবার যেই রেজাল্ট হয়েছে এটাই আসল রেজাল্ট। এই বছর জিপিএ-৫ এর সংখ্যা কম। যারা পেয়েছে তারা আসলেই মেধাবী। তাই তোমরা বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত হও। সিলেবাস সংস্কার চলছে জাতীয় বিশ^বিদ্যালয়ে। সামনে ডিগ্রী পর্যায়ের মূল্যায়ন অন্যভাবে হবে। জাতীয় বিশ^বিদ্যালয়ের সিলেবাসে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করে দিচ্ছি।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আপনারা রাজনীতি করেন ভালো কথা। রাজনীতি ছাড়া সমাজ চলতে পারে না। দেশ পরিচালনার জন্য রাজনীতি দরকার। তবে রাজনীতিকে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে টেনে আনবেন না।
উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপির সাবেক সংসদ সদস্য গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেন, উত্তরার মাইলস্টোন স্কুলের হৃদয়বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তোমরা যারা জিপিএ-৫ পেয়ে ভাল ফলাফল করেছো তাদের দায় দায়িত্ব অনেক বেড়ে গেছে। তোমরা আগামীতে দেশের জন্য কাজ করবে এই প্রত্যাশা করি।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা ও ঢাকা কলেজ শাখার ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এবিএম আবু বকর সিদ্দিক অনুষ্ঠানটি পরিচালনা করেন।
এই সময় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, শিক্ষার্থী আহমেদ ওয়ালিদ রেজা, অপ্সরী ক্লারা গমেজ, সাদিয়া আক্তার বর্ষা, ইসরাত জাহান আখি, চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেনুকা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুদ্দীন সিকদার, জামালপুর আর.এম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান খান লাভলু প্রমুখ।
সেন্ট মেরীস গার্লস হাইস্কুল এন্ড কলেজের ৪১ জন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। নোয়াপাড়া ময়েজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৫ জন, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের ১৪ জন, বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী স্কুল এন্ড কলেজের ১০ জন, চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ জনসহ ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ১৩২ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। ক্রেস, মগ, সনদপত্র ও পাটের ব্যাগ উপহার হিসেবে কৃতি শিক্ষার্থীদের দেওয়া হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:০৫:১৮ ২০২ বার পঠিত | ● ● উপাচার্য ● বি.এ পাস ● বিয়ে নয়