ঢাকা শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিরোনাম
![]()
ঢাকা:সড়কের অর্ধেক অংশজুড়ে বসানো হয়েছে ভ্রাম্যমাণ দোকান। সেখানে চলছে নানা পণ্যের কেনাবেচা। পেছনে আটকে পড়েছে শত শত যানবাহন। তবে বিক্রেতাদের এতে কোনো ভ্রুক্ষেপ নেই। যানজট দেখেও যেন দেখছেন না তারা। সামান্য এগিয়ে গেলেই চোখে পড়বে দাঁড়িয়ে আছে সারি সারি ব্যাটারিচালিত অটোরিকশা। চালকরা এখানেই স্ট্যান্ড বসিয়েছেন। ঢাকার দোহার উপজেলার গুরুত্বপূর্ণ মেঘুলা বাজারের আধাকিলোমিটার সড়কজুড়ে এমন চিত্র নিত্যদিনের।
বাজারটি পড়েছে উপজেলার নারিশা ইউনিয়নে। মেঘুলা বাজারের সড়কটির দুই পাশেই দখল হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের গর্ভনিং বডির অভিভাবক সদস্য মো.রমজান হোসেন। রমজান হোসেন বলেন, ওই সড়কে মাঝে মধ্যে হেঁটে চলাই কঠিন, যানবাহন চলবে কি?
দোহার-শ্রীনগর-ঢাকা সড়কটি মেঘুলা বাজার ভেদ করে চলে গেছে। মালিকান্দা-মেঘুলা স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে ভূমি অফিস হয়ে কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় আধাকিলোমিটার এলাকাজুড়ে দখলদারদের দৌরাত্ম্য দেখা গেছে। যানবাহন পার্কিং, অবৈধ স্ট্যান্ড ও ভ্রাম্যমাণ দোকানের কারণে সেখান দিয়ে চলাচল বাধাগ্রস্ত হয় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
ঝনকি গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল হান্নান বেপারী বলেন, সাবেক বিএনপি নেতা ব্যারিষ্টার নাজমুল হুদা যোগাযোগমন্ত্রী থাকাকালে তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সড়কটি চওড়া হওয়ার। পরবর্তীতে সড়কটি চওড়া হলেও আশপাশের দোকানদার ও স্থাপনা সরানো হয়নি। যে কারণে যানজট কমছে না। এ সমস্যার সমাধানে তিনি উপজেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদের আহ্বান জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির অভিযোগ করেন , প্রশাসনের কর্মকর্তারা উচ্ছেদের ঘোষণা দিয়ে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করেন। তবে এর সুফল এলাকাবাসী পাচ্ছেন না।
মেঘুলা পশুর হাট সংলগ্ন শাখা খালটি দখলদারদের ভরাটে ও ভূমি অফিসের সামনে সংলগ্ন নালাটি অবৈধ দখলদারত্বের কারনে সেখানে ভ্রাম্যমাণ দোকান বসানো হয়েছে।
জানা যায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অবৈধ দখলদারদের স্থাপনা সরাতে বলা হয়েছে।এরপরও কোন অশুভ শক্তির জোরে দখলদাররা দখল চালিয়ে যাচ্ছে।
মেঘুলা বাজারে বিশেষ করে শুক্র ও সোমবার হাট বসে। এই দু’দিন ভ্রাম্যমাণ দোকান বসানো হয় বেশি। এ ছাড়া প্রচুর যানবাহন পার্ক করা হয় ঐদিনই।
বিষয়টি নিয়ে স্থানীয়দের দাবী উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি)কে অবহিত করা।
সড়ক দখলের বিষয়টি এড়িয়ে যান মেঘুলা হাট-বাজার বণিক সমিতির সভাপতি ইকবাল আহম্মেদ। এসব তাঁর আওতায় নয় উল্লেখ করে বলেন, প্রশাসন চাইলে তারা সহায়তা করতে প্রস্তুত।
এ বিষয়ে আগেও অভিযোগ পেয়েছেন মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবুল কাশেম মো. নাহীন রেজা। তিনি বলেন, ‘আমাদের হাতে যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই, তাই চিঠি পাঠিয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছি।’
এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার ভুমি মো.তাসফিক সিবগাত উল্লাহ বলেন, মহাসড়কের ওপর বাজার না বসাতে তাদের কঠোর নির্দেশনা রয়েছে। এরপরও গতকাল বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের ইউএনও, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও পুলিশ টহল টীম অভিযান চালিয়ে ৫ দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরও বলেন নিয়মিত
এসব বাজার উচ্ছেদে অভিযান চালিয়ে যাচ্ছেন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন বিধি অনুযায়ী আটটি বাজার ইজারা দিয়েছে। এর বাইরে যেসব বাজার রয়েছে, সেগুলোর নির্দিষ্ট জমি নেই। এ সুযোগে অনেকে সড়ক দখল করে দোকান বসিয়ে আসছেন।
ইউএনও আরও বলেন, মেঘুলা বাজারে যানজটের তথ্য রয়েছে তাঁর কাছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনার আশ্বাস দেন তিনি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৩৫:৩৭ ৮ বার পঠিত | ● অর্ধেকজুড়ে ● দোহার ● পার্কিং ● মেঘুলা সড়ক