ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: চাটমোহরে হত্যা মামলায় গ্রামের নিরীহ মানুষদের হয়রানির প্রতিবাদ এবং মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সজনাই গ্রামবাসীর আয়োজনে গ্রামের পাকা রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন আব্দুল আলীম, আব্দুল আজিজ, মানিক মিয়া, কামরুল হাসান বর্ষণ, শান্তা খাতুন, খাদিজা পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, আব্দুল বারেক ওরফে বাকি হত্যা মামলার অভিযুক্ত দুই আসামি রবি ও তার স্ত্রী রেশমা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। কিন্তু ওই মামলায় গ্রামের জাকির, মতিন, মাহমুদ, উজ্জল, আওয়াল, মোস্তব, দেলোয়ারসহ অনেককে আসামি করা হয়েছে। তারা ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, বরং নিজ নিজ কর্মস্থলে ছিলেন। অথচ মামলায় তাদের আসামি করে হয়রানি করা হচ্ছে। পুলিশের ভয়ে তারা পরিবার ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
এ কারণে মামলা থেকে তাদের নাম প্রত্যাহার করে হয়রানি বন্ধের দাবি জানান এলাকাবাসী। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের গ্রেপ্তার এবং নিরপরাধ মানুষকে মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার আহ্বান জানান তারা।
এ বিষয়ে চাটমোহর থানার ওসি অলিউর রহমান বলেন, মামলার তদন্ত অব্যাহত আছে। তদন্তে যাদের সম্পৃক্ততা মিলবে, তাদের গ্রেপ্তার করা হবে। তবে পুলিশ নিরীহ বা ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন—এমন মানুষদের হয়রানি করবে না।
উল্লেখ্য, মামলা সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট সজনাই গ্রামের সোবাহান আলীর ছেলে আব্দুল বারেক ওরফে বাকি তার পাঁঠা ছাগলকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করাতে নিয়ে গেলে একই গ্রামের প্রতিবেশী জাহের মোল্লার ছেলে রবিউল ইসলাম রবি বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রবি ও তার স্ত্রী বাকিকে মারধর করেন। বাঁশ ও কাঠের বাটাম দিয়ে বাকির মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ সেপ্টেম্বর সকাল ১০টায় আব্দুল বারেক মারা যান।
এ ঘটনায় নিহত বারেকের চাচা ওয়াহাব প্রামাণিক বাদী হয়ে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রবি ও তার স্ত্রী রেশমাসহ ১০ জনকে আসামি করা হয়। ইতিমধ্যে মামলার প্রধান দুই আসামি রবি ও তার স্ত্রী রেশমাকে গত ১১ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করেছে র্যাব।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:০৩:৪৭ ৩৪ বার পঠিত | ● চাটমোহর ● মানববন্ধন