ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
কুষ্টিয়া: ভেড়ামারায় নিখোঁজের একদিন পর তাসকিন নামের চার বছর বয়সী এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে উপজেলার গোলাপনগর এলাকার সোলাইমান শাহ মাজারের পূর্ব পাশের একটি খাদের পানি থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। নিহত তাসকিন ওই এলাকার বাসিন্দা জসিমের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয় শিশু তাসকিন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ এলাকার সম্ভাব্য সব জায়গায় দিনভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন শুক্রবার সকালে সোলাইমান শাহ মাজারের পূর্ব পাশের খাদের পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় পথচারীরা। পরে খবর পেয়ে স্বজনরা এসে তাসকিনের মরদেহ শনাক্ত করেন এবং পানি থেকে উদ্ধার করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সবার অলক্ষ্যে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত খাদের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিষ্পাপ শিশু তাসকিনের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো গোলাপনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা জসিমসহ পরিবারের সদস্যরা বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে মাজারসংলগ্ন এলাকার পরিবেশ। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে মাজারসংলগ্ন গভীর খাদ ও জলাশয়গুলোর চারপাশে নিরাপত্তাবেষ্টনী তৈরি এবং বিশেষ করে বর্ষা মৌসুমে শিশুদের প্রতি অভিভাবকদের আরও সচেতন ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:৪১:১৮ ৩৩ বার পঠিত | ● ভেড়ামারা ● মরদেহ ● শিশুর