ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
কুষ্টিয়া: ভেড়ামারায় গভীর রাতে বিশ্বাস নার্সারির স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নার্সারিতে ব্যবহৃত কীটনাশক, বিভিন্ন সরঞ্জাম ও বৈদ্যুতিক মিটার পুড়ে গেছে। নার্সারির মালিক নিহার রঞ্জন বিশ্বাসের দাবি, এ ঘটনায় আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া-ক্ষেমিদিয়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নার্সারির মালিক নিহার রঞ্জন বিশ্বাস। পরে স্থানীয় লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, বিশ্বাস নার্সারির স্টোররুমে আগুন লাগে। এতে নার্সারিতে ব্যবহৃত কীটনাশক, বিভিন্ন সরঞ্জাম ও বৈদ্যুতিক মিটার পুড়ে যায়।
এদিকে, স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে ওই এলাকায় পানবরজসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ধারাবাহিক এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁরা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং এর সঙ্গে কোনো ব্যক্তি বা চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং দায়ীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
বাংলাদেশ সময়: ২২:৩৩:৩৪ ২ বার পঠিত | ● কুষ্টিয়া ● নিহার রঞ্জন বিশ্বাস ● বিশ্বাস নার্সারিতে আগুন ● ভেড়ামারা অগ্নিকাণ্ড