ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আটকের পর শরীরে আঘাতের চিহ্ন প্রকাশ, ভয় নিয়ে মুখ খুললেন জেইন • উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর, বাইরে বিক্ষোভ • চরফ্যাসন এনসিপির কমিটিতে ভুল নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ সরকারি কর্মকর্তার • কাউখালীর দক্ষিণ বাজারে পচা খাবার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা • লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা • আড়াইহাজারে চিকিৎসক চার বছর অনুপস্থিত, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রোগীরা • সুজানগরের ১০ ইউনিয়ন ও পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু • বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার আহ্বানে সুজানগরে দিবস পালন • ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে পাইকগাছায় তিন ইউনিয়নের কর্মীদের ট্যাব বিতরণ • আগৈলঝাড়ার ১৬১ পূজামণ্ডপে ৯৬ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দশমিনায় অনিয়ম করে ইউনিয়ন কমিটি গঠনের অভিযোগে গণঅধিকারের দুই নেতা বহিষ্কার

দশমিনায় অনিয়ম করে ইউনিয়ন কমিটি গঠনের অভিযোগে গণঅধিকারের দুই নেতা বহিষ্কার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬


দশমিনায় অনিয়ম করে ইউনিয়ন কমিটি গঠনের অভিযোগে গণঅধিকারের দুই নেতা বহিষ্কার

পটুয়াখালী: দলীয় শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্র অমান্য ও অনিয়মতান্ত্রিকভাবে ইউনিয়ন কমিটি ঘোষণার অভিযোগে গণঅধিকার পরিষদের দশমিনা উপজেলা শাখার দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সাময়িক বহিষ্কৃত দুই নেতা হলেন গণঅধিকার পরিষদের দশমিনা উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি আফজাল হোসেন রাড়ী ও সাধারণ সম্পাদক মো. লিয়ার হোসেন হাওলাদার। একই সঙ্গে তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না কেন, তা জানতে চেয়ে সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা শাখার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম শিকদারের যৌথ সিদ্ধান্তে তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট শাখার সভাপতির পূর্বানুমতি ও তাঁর সঙ্গে আলোচনা ছাড়াই অভিযুক্ত দুই নেতা অনিয়মতান্ত্রিকভাবে ইউনিয়ন কমিটি অনুমোদন ও ঘোষণা করেন। সভাপতির অনুমোদন ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া দলীয় শৃঙ্খলা, ঐক্য ও নীতিমালার পরিপন্থী। তাঁদের এমন কর্মকাণ্ডে সংগঠনের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। এতে আরও বলা হয়, অভিযুক্ত দুই নেতাকে দশমিনা উপজেলা শাখার পদসহ দলের সব ধরনের দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাঁদের ঘোষিত নিয়মবহির্ভূত সব ইউনিয়ন কমিটি বাতিল করা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে তাঁদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পটুয়াখালী জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া, কারণ দর্শানোর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বহিষ্কৃত দুই নেতা দলের নাম ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. লিয়ার হোসেন হাওলাদার জানান, “সংগঠনের গঠনতন্ত্র মেনে দুই ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে ষড়যন্ত্রমূলকভাবে এমনটা করা হয়েছে।”

বাংলাদেশ সময়: ১৯:২৮:৫৫   ৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চরফ্যাসন এনসিপির কমিটিতে ভুল নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ সরকারি কর্মকর্তার
● কাউখালীর দক্ষিণ বাজারে পচা খাবার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
● লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা
● আগৈলঝাড়ার ১৬১ পূজামণ্ডপে ৯৬ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ
● লালমোহনে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান



আর্কাইভ