ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পিরোজপুর: পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে কাউখালী উপজেলার দক্ষিণ বাজারে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার।
আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে দক্ষিণ বাজারে এ যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও পচা খাবার বিক্রির অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর ২৪/৩ ধারায় জয়নাল হোসেনের বেকারিকে ৩ হাজার টাকা এবং একই অপরাধে অলিউল ইসলামের বেকারিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় একই এলাকার বিপুলের ফলের দোকানে পচা ও অস্বাস্থ্যকর ফল বিক্রির দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, “জনস্বাস্থ্য রক্ষা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে আমাদের এই অভিযান পরিচালনা করা হয়েছে। বাজারে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা ভোক্তা অধিকারের স্পষ্ট লঙ্ঘন। দক্ষিণ বাজারে অভিযানে গিয়ে বেশ কয়েকটি দোকানে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ সামগ্রী পাওয়ার প্রমাণ মেলায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও সার্বিক বাজার নিয়ন্ত্রণে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বাংলাদেশ সময়: ২১:০৬:০২ ১৪ বার পঠিত | ● কাউখালী ভ্রাম্যমাণ আদালত ● পচা খাবার বিক্রি ● বিএসটিআই আইন ২০১৮ ● রেহেনা আক্তার