ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পিরোজপুর: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কাউখালীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডারে আকস্মিক আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদে তা নিয়ন্ত্রণ করতে হয়, সে বিষয়ে বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করেন। উপস্থিত সাধারণ মানুষ ও কর্মকর্তারা গুরুত্বের সঙ্গে মহড়াটি প্রত্যক্ষ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া, ফায়ার সার্ভিসের ইনচার্জ সাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে রেহানা আক্তার বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর প্রধান উপায় হলো আগাম সচেতনতা ও সতর্কতা। এ বছরের প্রতিপাদ্য ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ স্পষ্ট বার্তা দেয় যে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি প্রতিটি পরিবার ও নিজ ঘর থেকেই শুরু করতে হবে।
তিনি বলেন, বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডারের ব্যবহার, বৈদ্যুতিক সংযোগ এবং দুর্যোগকালীন সতর্কতার বিষয়ে সচেতন থাকলে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় স্থানীয় ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিত করা হচ্ছে বলেও জানান তিনি। প্রতিটি নাগরিকের সম্মিলিত সচেতনতাই একটি নিরাপদ ও দুর্যোগসহনশীল কাউখালী গড়ে তুলতে পারে বলে মন্তব্য করেন ইউএনও।
এন/ এস
বাংলাদেশ সময়: ২০:০৭:০৮ ৮ বার পঠিত | ● কাউখালী আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ● কাউখালী ফায়ার সার্ভিস ● রেহানা আক্তার