ঢাকা বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
![]()
বরিশাল: আগৈলঝাড়ায় রাংতা-চেংগুটিয়া সড়কে বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের স্থায়ী বাসিন্দাসহ দূর দূরান্তের হাজার-হাজার মানুষ ও যানবাহন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি বর্তমানে খানাখন্দে ভরা। যে কারনে মানুষ ও যানবাহন চলাচলে পড়েছে চড়ম ভোগান্তিতে। প্রায়ই ঘটছে ছোটবড় দূর্ঘটনা। বর্তমান বোরো মৌসুমে চাষীরা জমি থেকে ধান কেটে বাড়ীতে তুলতে পড়েছে বিপাকে। আগামী বর্ষা মৌসুমে বৃষ্টি শুরু হলে সড়কে ভোগান্তি আরো বাড়বে বলে আসঙ্কা করেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, রাজিহার ইউনিয়নের রাংতা-চেংগুটিয়া ২ কিলোমিটার সড়কের পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই কোথাও জমে আছে পানি, কোথাও কাদার স্তুপ, কোথাওবা সড়ক ডেবে গিয়ে ঝুকিপূর্ণ হয়ে পড়ছে। এতে করে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী পথচারী ও যানবাহন। এই সড়ক দিয়ে প্রতিদিন ভ্যান গাড়ী, ইজিবাইক, নসিমন, মাহিন্দ্রা, পিকাপ, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন বাধ্য হয়েই ঝুকি নিয়ে চলাচল করছে। এই সড়ক দিয়ে চেংগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাংতা মাধ্যমিক বিদ্যালয়, চেংগুটিয়া আলিয়া মাদ্রসা, রাংতা মাদ্রাসা, আগৈলঝাড়া সরকারি কলেজ ও সরকারি গৌরনদী কলেজের শিক্ষার্থীরা নিয়মিত চলাচল করতে বাধ্য হচ্ছেন।
এবিষয়ে চেংগুটিয়া গ্রামের বোরহান উদ্দিন তালুকদার জানান, প্রতিদিনই এ সড়কে ছোট-বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। ব্যাটারিচালিত ইজিবাইক ও ভ্যান প্রায়ই খাদে পরে উল্টে যায়। দ্রুত সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।
এ সড়কে চলাচলকারী ইজিবাইক চালক ইসমাইল হোসেন বলেন, খানাখন্দের কারণে গাড়ির কন্ট্রোল বক্স ও মোটর সহ অন্যান্য যন্ত্রাংশ বারবার নষ্ট হয়ে আমাদের বড় ধরনের ক্ষতি হচ্ছে। এছাড়া কিছু প্রভাবশালী ব্যক্তি সড়কের পার্শ্ববতী জায়গা খননের কারণে সড়কটি আরও ক্ষতিগ্রস্থ হয়েছে।
রাংতা গ্রামের রুহুল আমিন আকন্দ দ্রুত সড়কটি সংস্কার করার জোর দাবি জানিয়ে বলেন, এভাবে আর চলতে পারে না। দ্রুত ব্যবস্থা না নিলে আগামীতে সড়কটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়বে।
এবিষয়ে চেংগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা বলেন, শিশু শিক্ষার্থীদের এই সড়কে চলাচলে খুবই অসুবিধা হয়। শিক্ষার্থীরা স্কুলে আসতে গিয়ে হোঁচট খেয়ে পরে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার স্বীকার হয়।
এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, সড়কটির বিষয়ে আমাদের কাছে কেউ জানায়নি। তবে দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১২:৫৮:২৮ ৩৪ বার পঠিত | ● আগৈলঝাড়া ● সড়ক