ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: চাটমোহরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনকে চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে।
সোমবার সকালে আলাল গ্রুপের বশির উদ্দিন নামের আরেকজনকে মারপিট করে আহত করে। তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি সেলিম রেজা, গুনাইগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম আলাল, আবুল বাশার নবীর চাঁদ, হৃদয় হোসেন, সোহান হোসেন, কেতাব আলী ও মিজানুর রহমান। এরমধ্যে কয়েকজনকে পাশ^বর্তী ভাঙ্গুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি চরপাড়া এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আলালের নের্তৃত্বে চরপাড়া সাহেব বাজার এলাকায় আশারফুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ এনে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করে। পরে আশরাফুল ইসলাম নামের ওই ব্যক্তি আলালসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়। আশরাফুল নামের ওই ব্যক্তিকে থানায় এই অভিযোগ দেওয়ায় সহযোগিতা করার অভিযোগ এনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি সেলিম রেজার বিরুদ্ধে বিক্ষোভ করে আলাল গ্রুপ।
শনিবার রাত ৯টার দিকে আবারো বিক্ষোভ মিছিল করে আলাল গ্রুপ। মিছিল থেকে বিএনপি নেতা ভিপি সেলিমের বিরুদ্ধে শ্লোগান দেওয়া হয়। মিছিলকারীরা সাহেব বাজারে গেলে সেলিম রেজার উপস্থিতিতে প্রতিপক্ষ চাপাতি, লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে কয়েকজন আহত হন। এলাকার লোকজনের হস্তক্ষেপে উভয় পক্ষ সরে যায়। অন্যদিকে রাত সাড়ে ৯টার দিকে বিএনপি নেতা সেলিম রেজাসহ অন্যরা মোটরসাইকেল যোগে চাটমোহরে ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষরা সেলিম রেচাসহ তার অনুসারীদের উপর হামলা করে মারপিট করে। রাতেই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে বিএনপি নেতা সেলিম রেজা সাংবাদিকদের বলেন, আলাল, হেলাল ও মুক্তার গং মাদকসেবীদের নিয়ে মাদকবিরোধী মিছিল বের করে আমার বিরুদ্ধে নানা শ্লোগান দেয়। এলাকার লোকজন এতে বাঁধা দিয়েছে। আমি উভয় পক্ষকে নিবৃত করার চেষ্টা করি। কিন্তু তারা আমাকেও লাঞ্ছিত করেছে।
স্বেচ্ছাসেবক দলের নেতা আলালসহ অন্যরা জানান, সেলিম রেজা এলাকার মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিয়েছে। তার স্বজনরা আওয়ামীলীগের সাথে জড়িত। মাদকবিরোধী কর্মসূচিতে তার লোকজন ও এনজিও কর্মী জাইদুল চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও মারপিট করেছে। আমরা দলীয় নের্তৃবৃন্দ এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান জানান, থানায় উভয় পক্ষ পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এন/ এন
বাংলাদেশ সময়: ১৯:২২:৪৯ ১১ বার পঠিত | ● চাটমোহর ● বিএনপি ● সংঘর্ষ