ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: রুপালি ফিলিং স্টেশনের ৪৮ লাখ ৬৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ম্যানেজার জাকির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ফিলিং স্টেশনের মালিক মুবদী সরোয়ার সওম পটুয়াখালী সদর থানায় মামলা করেছেন। মামলার পর থেকে জাকির হোসেন আত্মগোপনে রয়েছেন বলে দাবি করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সোমবার, ১৪ সেপ্টেম্বর পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশ খুঁজছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, প্রায় ১০ বছর ধরে রুপালি ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাকির হোসেন। প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসহ দৈনন্দিন কার্যক্রমের গুরুত্বপূর্ণ দায়িত্বও ছিল তাঁর ওপর। সম্প্রতি গত তিন থেকে চার মাসের হিসাব পর্যালোচনা করতে গিয়ে প্রতিষ্ঠানের অর্থের হিসাবে বড় ধরনের গরমিল ধরা পড়ে। পরে হিসাব-নিকাশ করে জাকির হোসেনের বিরুদ্ধে ৪৮ লাখ ৬৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।
ফিলিং স্টেশনের মালিক মুবদী সরোয়ার সওমের দাবি, দীর্ঘদিনের কর্মচারী ও বিশ্বস্ত ব্যক্তি হিসেবে জাকির হোসেনকে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তিনি প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
সরোয়ার সওম জানান, বিষয়টি সমাধানের জন্য জাকির হোসেনের পরিবারের সদস্যদের উপস্থিতিতে সালিশের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে আত্মসাৎ করা টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন জাকির। তবে পরে প্রতিশ্রুতি অনুযায়ী টাকা পরিশোধ না করে তিনি আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করেন ফিলিং স্টেশনের মালিক।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৫:০৯:১৭ ৪ বার পঠিত | ● আতৎসাত ● টাকা ● পটুয়াখালী ● ফিলিং ● স্টেশন