ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে যৌতুকের দাবিতে মারধর, নির্যাতন এবং ভাড়া বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। মঙ্গলবার দুপুরে নবীনগর প্রেসক্লাবে ভুক্তভোগী মুন্নি আক্তার (২৮) লিখিত বক্তব্য পাঠ করে এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মুন্নি আক্তার বলেন, তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাগীপুর এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে। প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে নবীনগরের বাসিন্দা মোহাম্মদ আবু ইউনুসের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত বছরের ৫ জানুয়ারি কাজি অফিসের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। বিয়ের সময় দেনমোহর নির্ধারণ করা হয় তিন লাখ টাকা।
মুন্নি আক্তার দাবি করেন, বিয়ের পর তাঁরা প্রায় এক বছর ছয় মাস ঢাকায় ভাড়া বাসায় এবং প্রায় তিন মাস নবীনগর পৌরসভার কলেজপাড়ার ‘বেলজিয়াম হাউজে’ ভাড়া বাসায় বসবাস করেন।
মুন্নির অভিযোগ, বিয়ের কিছুদিন পর তিনি জানতে পারেন, তাঁর স্বামীর একাধিক স্ত্রী রয়েছে। এরপর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয়কে কেন্দ্র করে স্বামী তাঁকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করতে থাকেন। পাশাপাশি বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন জিনিসপত্র এনে দেওয়ার জন্যও চাপ দেওয়া হয়।
তিনি আরও বলেন, স্বামীর চাপে মুন্নি কয়েক দফায় বাবার বাড়ি থেকে প্রায় পাঁচ লাখ টাকা এবং আসবাবপত্র কেনার টাকা দেন। টাকা দেওয়ার পর কয়েক দিন ভালো থাকলেও পরে আবারও টাকা ও জিনিসপত্রের জন্য চাপ দেওয়া হতো। টাকা বা প্রয়োজনীয় জিনিস দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর ও নির্যাতন করা হতো এবং তাঁর বাবা-মাকে নিয়েও গালাগাল করা হতো বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মুন্নি আক্তার বলেন, গত ১২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে তাঁর স্বামী আবারও বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন। এতে তিনি অপারগতা প্রকাশ করলে স্বামী তাঁকে মারধর করে ভাড়া বাসা থেকে বের করে দেন। এ সময় বাসার কেয়ারটেকারকেও বিষয়টি জানানো হলে তিনিও তাঁকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ করেন মুন্নি।
তাঁর দাবি, গত তিন দিন ধরে তিনি তাঁর ভাড়া বাসায় যেতে পারছেন না। তাঁর স্বামী বাসায় তালা লাগিয়ে রেখেছেন। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় পড়ে তিনি নবীনগর থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে বাধ্য হয়েছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ভুক্তভোগী মুন্নি আক্তার।
এ ব্যাপারে অভিযুক্ত আবু ইউসুফ অভিযোগকারী মুন্নি আক্তারের সব অভিযোগ অস্বীকার করেন। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:৫০:১৫ ২ বার পঠিত | ● দাবি ● নবীনগর ● নির্যাতন ● যৌতুক