ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের • কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা • মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ • চিকিৎসক থেকে মঞ্চের সেরা, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ হলেন ছোঁয়া • ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে? • পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার • ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন • মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া • নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » জাতীয় » জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান


অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬


জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন। এর মধ্য দিয়ে তিনি জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন।

তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর প্রথমবার সাধারণ পরিষদে ভাষণ দেন।

আগামী বৃহস্পতিবার তারেক রহমানের ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সঙ্গে জিয়া পরিবারের চার দশকের বেশি সময়ের সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য, দারিদ্র্য, ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

উন্নয়নে আন্তর্জাতিক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও দারিদ্র্য ও ক্ষুধা কেন অব্যাহত রয়েছে, সে বিষয়ে প্রশ্ন তোলেন জিয়াউর রহমান। পাশাপাশি তিনি শান্তি, মানবিক মর্যাদা, ন্যায়বিচারসহ দেশগুলোর পারস্পরিক দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান।

জিয়াউর রহমানের ওই ভাষণের ঠিক ১৩ বছর পর, ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন খালেদা জিয়া।

পরবর্তী সময়ে খালেদা জিয়া আরও কয়েকবার সাধারণ পরিষদের বিভিন্ন কার্যক্রমে বক্তব্য দেন। এর মধ্যে রয়েছে ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মারকসভা এবং ২০০২ সালে শিশুবিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন। ২০০৫ সালে ৬০তম অধিবেশনের দুটি পৃথক সভায়ও তিনি বক্তব্য দেন।

জাতিসংঘের নথি অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত সাধারণ পরিষদের কার্যক্রমে মোট পাঁচবার বক্তব্য দেন খালেদা জিয়া।

এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো একই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এতে দেশের গণতান্ত্রিক রূপান্তর, ভবিষ্যৎ উন্নয়নের অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি এবং আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো গুরুত্ব পাবে।

হুমায়ুন কবির বলেন, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের বিষয়গুলোও প্রধানমন্ত্রীর ভাষণে স্থান পাবে। পাশাপাশি সফরে রোহিঙ্গা সংকটকে প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু পরিবর্তনের ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে। এ বিষয়ে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তার অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরবে।

এ ছাড়া বাংলাদেশের জন্য এবারের ৮১তম অধিবেশনটি বাড়তি তাৎপর্য বহন করছে। কারণ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘের প্রাথমিক সূচি অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২, ২৬ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণের মধ্য দিয়ে যে অধ্যায়ের সূচনা হয়েছিল, ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত খালেদা জিয়ার অংশগ্রহণে যার ধারাবাহিকতা বজায় ছিল, ২০২৬ সালে তারেক রহমানের প্রথম ভাষণের মধ্য দিয়ে সেই অধ্যায়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৬:১০:৩০   ১২৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







জাতীয় থেকে আরও...


● ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
● ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির নির্দেশ, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা
● জাইকার সঙ্গে বৈঠকে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে জোর প্রধানমন্ত্রীর
● সাংস্কৃতিক আগ্রাসনে ভাষা বদলের চেষ্টা করছে সাম্রাজ্যবাদী শক্তি: রিজভী
● স্থানীয় নির্বাচনে জিততে জনসমর্থন আছে এমন প্রার্থী চান তারেক রহমান



আর্কাইভ