ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পিরোজপুর: কাউখালী উপজেলার বিভিন্ন হাট-বাজারের খাবার হোটেল ও রেস্তোরাঁয় নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। উপজেলার অধিকাংশ হোটেলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় না রাখার পাশাপাশি বাসি ও পচা খাবার বিক্রি এবং আগের দিনের উদ্বৃত্ত মাছ, মাংস ও সবজি পরবর্তী দিনের খাবারের সঙ্গে মিশিয়ে পরিবেশনের অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন বাজারের অনেক খাবার হোটেলের রান্নাঘর ও আশপাশের পরিবেশ অপরিচ্ছন্ন। রান্না করা খাবার অনেক সময় ঢাকনা ছাড়াই খোলা অবস্থায় রাখা হয়। এতে মশা-মাছি, ধুলাবালি ও অন্যান্য জীবাণু খাবারে পড়ার আশঙ্কা থাকে। এছাড়া খাবার তৈরির স্থান, থালা-বাসন ও রান্নার সরঞ্জাম যথাযথভাবে পরিষ্কার করা হয় না বলেও অভিযোগ রয়েছে।
নিয়মিত হোটেলে খাবার খান এমন কয়েকজন গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্মস্থল ও ব্যবসায়িক প্রয়োজনে অনেক সময় বাধ্য হয়েই হোটেলে খাবার খেতে হয়। কিন্তু কিছু হোটেলে নিম্নমানের ও বাসি খাবার পরিবেশনের কারণে নানা ধরনের পেটের সমস্যায় পড়তে হচ্ছে। তারা খাবার হোটেলগুলোতে নিয়মিত তদারকি ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রম নিয়মিত না হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করছেন। এতে একদিকে ভোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে জনস্বাস্থ্যও ঝুঁকির মধ্যে পড়ছে।
এ বিষয়ে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নুরুল আলম বখতিয়ার বলেন, “আমরা পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন বাজারের খাবার হোটেলগুলোতে তদারকি পরিচালনা করছি। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি কিংবা বাসি খাবার বিক্রির প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অস্বাস্থ্যকর খাবারের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার বলেন, “বাসি, পচা ও খোলা খাবার গ্রহণের ফলে ফুড পয়জনিং, ডায়রিয়া, আমাশয় ও গ্যাস্ট্রিকসহ বিভিন্ন রোগ হতে পারে। দীর্ঘমেয়াদে এটি লিভার ও পাকস্থলীর ওপরও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। জনস্বাস্থ্য রক্ষায় খাবার হোটেলগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং টাটকা ও নিরাপদ খাবার পরিবেশন করা অত্যন্ত জরুরি।”
এন/ এস
বাংলাদেশ সময়: ১৭:৫৬:২৫ ৪ বার পঠিত | ● অস্বাস্থ্যকর ● কাউখালী ● খাবার