ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের করা হয়।
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়; এজন্য সবার সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এর আগে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন রায়হান কবির।
র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল মিয়া, জনস্বাস্থ্য কর্মকর্তা আয়শা আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ ও ভিপি কবির হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে বাজারের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
ইউএনও আসাদুর রহমান বলেন, প্রতি শনিবার এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২৩:০২:৩৬ ৩ বার পঠিত | ● আড়াইহাজার ● র্যালি