ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে পাবনার সুজানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিবের নির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়। বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা আহমেদ আলী প্রামাণিক লাটু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাদের হোসেন, সরদার বাবুল হোসেন, হারুন মন্ডল, বাকীবিল্লাহ, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্যসচিব রিয়াজ মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, মনিরুজ্জামান মনি, আবু জাকারিয়া তরঙ্গ, যুবদল নেতা রাশেদ, হাফিজুর রহমান ও সাহেব আলী মন্ডল এবং ছাত্রদল নেতা সাকিবুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ বোমাবাজি ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে জনগণ বিএনপিকে সরকারে বসিয়ে এসব নৈরাজ্যকারীদের শায়েস্তা করার দায়িত্ব দিয়েছে। জনগণের দেওয়া দায়িত্ব পালনে বিএনপির নেতাকর্মীরা সব সময় রাজপথে থাকবেন।
তাঁরা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই-সংগ্রাম করেছেন। আগামীতেও ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে বিএনপির নেতাকর্মীরা সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করবেন।
দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সজাগ রয়েছেন উল্লেখ করে বক্তারা বলেন, যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র প্রতিহত করতে সুজানগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
এন/এস
বাংলাদেশ সময়: ২০:৫৮:৪৪ ১৪ বার পঠিত | ● অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব ● সুজানগর উপজেলা বিএনপি ● সুজানগরে বিক্ষোভ মিছিল