ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নূরুজ্জামান সিদ্দিকীর বিরুদ্ধে টিআর বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রংচী গ্রামের সর্বজনীন কবরস্থানের গাইড ওয়াল নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদের টিআর প্রকল্প থেকে ২ লাখ টাকা বরাদ্দ হয়। ওই প্রকল্পের সভাপতি ছিলেন ইউপি সদস্য নূরুজ্জামান সিদ্দিকী। অভিযোগ রয়েছে, তিনি নিজের লোক দিয়ে কমিটি গঠন করে ১ লাখ টাকার কাজ না করেই নিয়ম বহির্ভূতভাবে টাকা উত্তোলন ও আত্মসাৎ করেন।
এ ঘটনায় রংচী সর্বজনীন গোরস্থান কমিটির সভাপতি মোঃ আব্দুস ছোবান উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে বলা হয়, বিষয়টি জানতে চাইলে নূরুজ্জামান সিদ্দিকী স্বীকার করে জানান, তিনি প্রকল্পের ১ লাখ টাকা ব্যক্তিগত কাজে খরচ করেছেন এবং বাকী টাকা গ্রামবাসীকে দেওয়া হবে। এছাড়া, তিনি কবরস্থান কমিটির সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মধ্যনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মিজানুর রহমান বলেন, ইউপি সদস্য কাজ না করেই প্রকল্পের টাকা আত্মসাতের চেষ্টা করছেন—এমন খবর আমাদের কাছে রয়েছে। পানি কমে গেলে আমরা নিজে গিয়ে সঠিকভাবে কাজ করিয়ে বাকি বিল পরিশোধ করবো। আর যদি কাজ না করে ইতোমধ্যে নেওয়া টাকা আদায়েরও ব্যবস্থা আমাদের রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন, অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সরেজমিনে পাঠানো হবে। পরে উভয় পক্ষের শুনানি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত ইউপি সদস্য নূরুজ্জামান সিদ্দিকী বিএনপির নেতা পরিচয় দিয়ে বলেন, কে অভিযোগ করলো, তা দেখার সময় আমার নেই। প্রকল্পের সময় শেষ হয়েছে—এমন প্রশ্নে তিনি জানান, আমার সময় এখনো শেষ হয়নি। আমি আমার মতো করেই কাজ করবো।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৪৭:২২ ১৩২ বার পঠিত | ● আত্মসাত ● টাকা ● টিআর ● প্রকল্প ● মধ্যনগর