ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » পর্যটন » ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল, উৎসবমুখর সৈকত

ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল, উৎসবমুখর সৈকত


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৩০ মে ২০২৬


 ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল, উৎসবমুখর সৈকত

পটুয়াখালী: পবিত্র ঈদুল আজহার ছুটিতে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে। বৃহস্পতিবার আশানুরূপ ভিড় না থাকলেও শুক্রবার সকাল থেকে আজকেও বাড়তে শুরু করে পর্যটকের উপস্থিতি। এতে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে সমুদ্রসৈকত ও আশপাশের দর্শনীয় স্থানগুলো।
সৈকত ঘুরে দেখা গেছে, জিরো পয়েন্টে আগত পর্যটকরা সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন। কেউ ডুবসাঁতার কাটছেন, কেউবা প্রিয়জনের হাত ধরে দীর্ঘ সৈকতজুড়ে হাঁটছেন। অনেকে আবার সৈকতের ছাতা-বেঞ্চিতে বসে উপভোগ করছেন সমুদ্রের সৌন্দর্য। শিশুদেরও দেখা গেছে বালুর ওপর খেলায় মেতে উঠতে। পুরো সৈকতজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। শুধু জিরো পয়েন্ট নয়, লেম্বুর বন, ঝাউবন ও গঙ্গামতিসহ কুয়াকাটার বিভিন্ন পর্যটন স্পটেও বাড়ছে দর্শনার্থীদের ভিড়।
হোটেল-মোটেল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল থেকে কুয়াকাটায় কাঙ্ক্ষিত পর্যটক সমাগম শুরু হয়েছে। ঈদের পুরো ছুটিজুড়ে লাখো পর্যটকের আগমন ঘটবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
ফরিদপুর থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটক আহসান বলেন, “ঈদের ছুটিতে পরিবার নিয়ে কুয়াকাটায় এসেছি। সমুদ্রসৈকতে হাঁটাহাঁটি, ঢেউয়ের সঙ্গে গোসল, সৈকতে বসে ফুচকা-চটপটি খাওয়া সব মিলিয়ে দারুণ সময় কাটছে। সূর্যাস্ত ও সূর্যোদয়ের দৃশ্য আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।”
কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব শরীফ বলেন, “প্রতিবছরের মতো এ বছরও ঈদের ছুটিতে কুয়াকাটা উৎসবমুখর হয়ে উঠেছে। আবাসিক হোটেলগুলোর কক্ষ বুকিংও বেড়েছে। পর্যটকদের সেবায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি মানসম্মত সেবা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতও মাঠে কাজ করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৩:০৩   ৩ বার পঠিত  |      

----





পর্যটন থেকে আরও...


ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল, উৎসবমুখর সৈকত
হকার-মোটরসাইকেলের দাপটে অতিষ্ঠ কুয়াকাটা সৈকতের পর্যটকরা
ঈদের চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকদের ঢল
যমুনা সেতুর পাড়ে দর্শনার্থীদের ভিড়
বৃষ্টির বাগড়ায় ঈদের দিনেও ফাঁকা কুয়াকাটা সৈকত



আর্কাইভ