ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পিরোজপুর: কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ‘পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারী অধিকার প্রতিষ্ঠায় অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় উপজেলার কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় ও এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অংশ নেয়। যুক্তি-তর্কের টানটান লড়াই শেষে কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। একই বিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান হাসান প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হোগলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র এবং কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদা হক, সহ-সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ প্রভাষক কুসুম ভট্টাচার্য, সাবেক সভাপতি জাহানুর বেগম, মহিলা পরিষদের নেত্রী জাহানারা হাবিব, ছায়া সমাদ্দার, সবিতা ঘোষ, মাহফুজা খাতুন, প্রভাতী রানী, শিউলি কর্মকার, চায়না মজুমদার, শামীমা, মৌমিতা সাহাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার উদ্দেশ্য তুলে ধরে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার বলেন, “সমাজকে বদলাতে হলে তরুণ প্রজন্মকে সচেতন করা সবচেয়ে জরুরি। পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যেভাবে সমাজে নারীর অধিকার ও সমতাকে বাধাগ্রস্ত করছে, তা নিয়ে তরুণ শিক্ষার্থীরা কীভাবে ভাবে, তা জানাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আমরা চাই, তারা ছোটবেলা থেকেই লিঙ্গসমতা ও নারী অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গড়ে উঠুক।”
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিবোধ, সমতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতে নারী-পুরুষের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
এন/ এস
বাংলাদেশ সময়: ২৩:৪০:০৫ ১৩ বার পঠিত | ● কাউখালী ● প্রতিযোগিতায ● বিতর্ক