ঢাকা সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পিরোজপুর: কাউখালীতে নিজ ঘর থেকে জেসমিন বেগম (৫০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকান্দা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জেসমিন বেগম ওই এলাকার মৃত কেরামত আলীর স্ত্রী ও আফজাল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে জেসমিন বেগম ঘরে একাই ছিলেন। নির্জন ওই বাড়ির আশপাশে কোনো প্রতিবেশী না থাকায় রাতে দুর্বৃত্তরা সেখানে হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। সকালে স্থানীয় এক কিশোর ওই বাড়িতে সুপারি পাড়তে এসে জেসমিন বেগমকে ডাকাডাকি করে। কোনো সাড়া না পেয়ে সে ঘরের পেছনে গিয়ে ভেতরে খাটের ওপর গৃহবধূর বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে। এ সময় ঘরের ভেতরের মালামাল ছড়ানো-ছিটানো ও এলোমেলো অবস্থায় ছিল।
এলাকাবাসীর প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। মালামাল লুটে বাধা দেওয়া অথবা তাদের চিনে ফেলার কারণে জেসমিন বেগমকে হত্যা করে লাশ বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার, সিআইডির তদন্ত দল এবং থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। অপরাধীদের শনাক্ত করতে সিআইডির কারিগরি দল আলামত সংগ্রহ করেছে।
এ বিষয়ে কাউখালী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২৩:৩৫:০৪ ৬ বার পঠিত | ● উদ্ধার ● কাউখালী ● লাশ